২২ মে আনন্দ মিছিল করবে নগর আ.লীগ
ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় এবং ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাঙালী তিন কন্যার বিজয় উপলক্ষে আগামী ২২ মে আনন্দ মিছিল করবে নগর আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে গিয়ে মিছিলটি শেষ হবে।
বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা শেষে জানিয়েছেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওলাদ হোসেন, ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, শাহে আলম মুরাদ, আব্দুল হক সবুজ প্রমুখ।
মায়া বলেন, সম্প্রতি আমরা তিন তিনটা বিজয় অর্জন করেছি। সিটি কর্পোরেশন নির্বাচনে আমার বিজয় ছিনিয়ে এনেছি। স্থল সীমান্ত চুক্তি হয়েছে ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপসহ ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাঙালি তিন কন্যার বিজয় হয়েছে।
তিনি জানান, এপ্রিল ও মে মাসে তিনটি বিজয় অর্জন উপলক্ষে ২২ মে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আনন্দ মিছিল করবে নগর আওয়ামী লীগ। এ আনন্দ মিছিলে নবনির্বাচিত কাউন্সিলরদের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন নগরের সাধারণ সম্পাদক।
এএসএস/এআরএস/এমএস