প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা ২৯ মে


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৪ মে ২০১৫

ভারতের পার্লামেন্টে সীমান্ত বিল পাসের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৯ মে গণসংবর্ধনা দেবে নাগরিক কমিটি। ওইদিন দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাতে যৌথসভা শেষে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দলীয় সভনেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওই যৌথসভা অনুষ্ঠিত হয়।

গণসংবর্ধনা কমিটির জন্য কবি সৈয়দ শামসুল হককে চেয়ারম্যান করে ২০২ জনের একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান নাসিম।

তিনি বলেন, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন এবং দেশের জন্য শেখ হাসিনার অবদানের জন্য তাকে গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে।

ওই প্রস্তুতি কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে। সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ নাসিমকে। এ ছাড়া ঢাকার দুই মেয়র, আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ওই কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২ জনের ওই কমিটিতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা ছাড়াও প্রফেসর’স এ্যামিরেটস আনিসুজ্জামান, ড. ফরাসউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, কবি নির্মলেন্দু গুন, কে এম সফিউল্লাহসহ মুক্তিযুদ্ধের পক্ষ্যের শক্তির বুদ্ধিজীবীরা রয়েছেন।

যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হাসনাত আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএসএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।