ডিজিটাল হচ্ছে বিএনপি অফিস


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ১৫ মে ২০১৫

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়কে ডিজিটাল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। পাশাপাশি চালু করা হচ্ছে ওয়াইফাই। নেতাদের ই-মেইলে দলের কর্মসূচির তথ্য জানানো হবে। এর বাইরে দলীয় খবরাখবর সংক্রান্ত আলাদা ওয়েবসাইট করা হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি। এর আওতায় বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই চালু হয়েছে। গণমাধ্যম কর্মীরা ব্রিফিংয়ের সংবাদ দ্রুত পাঠানোর জন্য এ ওয়াইফাই সুবিধা ব্যবহার করতে পারবেন। নেতাকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে পুরো কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান রিপন।

রিপন আরও জানান, এখন থেকে দলের বিভিন্ন সভা, কর্মসূচি, আমন্ত্রণ নেতাদের কাছে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। সেজন্য দলের কেন্দ্রীয়সহ অঙ্গসংগঠনের নেতাদের নিজস্ব ই-মেইল খোলার জন্য বলা হয়েছে। তিনি বলেন, আমরা মোটামুটি পেপারলেস একটি অফিস গড়ে তুলতে চাই। সেজন্য আধুনিক প্রযুক্তির পুরো ব্যবহার করার উদ্যোগ নিয়েছি। নেতাদের মধ্যে যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তাদের আরও দুটি অ্যাকাউন্ট খুলতে পরামর্শ দেয়া হয়েছে।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।