খালেদার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৮ জুন


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৭ মে ২০১৫

গত ৫ জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে সারাদেশে হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন জায়গায় সহিংস হামলায় আগুনে পুড়ে ৪২ জন মারা যায়। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ জুন নতুন দিন ধার্য করেছে আদালত।

রবিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ধার্য ছিল। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হরতাল ও অবরোধের ঘোষণা অনুযায়ি ৫ জানুয়ারি বিকেল থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হন এবং এই সহিংসতায় সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

উল্লেখ্য, এ ঘটনায়  জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী  ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।