সালাহউদ্দিনের তদন্ত স্থগিত
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় তদন্ত কাজ স্থগিত করেছে ভারতের শিলিংয়ের সিটি এসপি এম খাগক্র্যাং। সালাউদ্দিন আহমেদ বর্তমানে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ সময় তার হার্ট ও কিডনির ব্যথা বেড়ে গেছে ফলে রাতে ঠিক মতো ঘুমতে পারছেন না। আর তাই শিলং পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে।
সিটি এসপি এম খাগক্র্যাং জানান, চিকিৎসকরা না ছাড়লে সালাহউদ্দিনকে আদালতে হাজির করতে পারছে না পুলিশ। এখন তার শারীরিক অবস্থার ওপর সবকিছু নির্ভর করছে। সুস্থ হওয়ার পরই তাকে আদালতে তোলা হবে এবং তারপরই শুরু হবে তদন্ত।
শিলংয়ে সালাহউদ্দিনের উন্নত চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছে তাকে দেখতে যাওয়া বিএনপি নেতা আবদুল লতিফ জনি। তিনি বলেছেন উন্নত চিকিৎসার জন্য সালাউদ্দিন আহমেদ সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
এছাড়া প্রথমবারের মতো পরিবারের এক সদস্যের সাক্ষাৎ পেয়েছেন সালাহ উদ্দিন। শনিবার দুপুরে তার ভাইয়ের ছেলে করিম তার সঙ্গে দেখা করেন। ভাতিজা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানা গেছে, শিলং পুলিশ তাকে সাতদিনের জন্য দেখা করার অনুমতি দিয়েছে। প্রতিদিন তিনি দশ মিনিট করে দেখা করার সুযোগ পাবেন।
চাচার সঙ্গে দেখা করে বেরিয়ে সেখানে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে করিম বলেন, চাচা আমায় দেখে কেঁদে ফেলেন। জড়িয়ে ধরে চাচির (হাসিনা আহমেদ) খবর জানতে চান। দেশের খবর জানতে চান। চাচি কবে আসবেন সেটাও জানতে চান তিনি। চাচার শরীর খুবই খারাপ। তাই বেশি সময় কথা বলতে পারেননি। এ সময় করিম ছাড়াও দূরসম্পর্কের আত্মীয় আইয়ুব আলী ও হুমায়ুন রশিদও সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করেন।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার বলেছেন, যেহেতু বাংলাদেশেও তার বিরুদ্ধে নাশকতা, উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা আছে তাই সরকার তার বিচার করতে আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত চাইবে। তবে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে তিনি যে অপরাধ করেছেন আমরা জানতে পেরেছি সেটার বিচারও করবে সে দেশের সরকার।
অপরদিকে, সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ভিসা পাওয়ার পর আজ বা কাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। হাসিনা আহমেদ শিলংয়ে যাওয়ার পরই সালাহ উদ্দিনের চিকিৎসা ও আইনি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
জেআর/এমএস