টিআইবি কেবল নেগেটিভ দেখে : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ১০:৩২ এএম, ১৮ মে ২০১৫

বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)`র তীব্র সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, টিআইবি কেবল নেগেটিভ দেখে, ভালো কিছু দেখে না।

সোমবার দুপুরে সচিবালয়ে ভারতের বাণিজ্যসচিব রাজীব খেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে টিআইবি সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি করে। টিআইবির এ প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তোফায়েল আহমেদ জানান, টিআইবি ছাড়াও কিছু সংস্থা নেগেটিভ ছাড়া ভালো কিছুই দেখে না।

এ সময় বৈঠক প্রসঙ্গে রাজীব খের সাংবাদিকদের বলেন, আমরা দুইটি বিষয়ের ওপর জোর দিয়েছে। প্রথমত ভারত-বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ নিশ্চিত করা। এ জন্য যা যা করা দরকার সবই করা হবে। শুধু এশিয়া অঞ্চলেই নয়, সারাবিশ্বে বাংলাদেশ ও ভারত নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টিআইবির মতো প্রতিষ্ঠানগুলো পানি, বিদ্যুৎ, সড়ক ও বাণিজ্যে অগ্রগতি দেখতে পায় না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ২১ বছরের স্থল সীমান্তচুক্তি বাস্তবায়ন, বঙ্গবন্ধুর দৌহিত্রের নির্বাচনে বিজয় টিআইবি দেখতে পায় না।

নির্বাচন সুষ্ঠু হয়নি টিআইবির প্রতিবেদনের তথ্য অসত্য উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে কোনো সহিংতার ঘটনা ঘটেনি তাও দেখতে পায় না। বিএনপির নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে থাকতে পারেননি, এ সবও দেখতে পায় না টিআইবি।

আসন্ন রমজানে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে না বলে জানিয়ে তিনি বলেন, ছোলা, মুড়ি, ডাল, পিঁয়াজ-মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত মজুদ আছে। ফলে রমজানে এ সবের দাম বাড়ার কোনো সুযোগ নেই। রমজানের সময় মন্ত্রীরা বাজার ভিজিটে গেলে পণ্যের দাম বেড়ে যায়। তাই এ সময় মন্ত্রীদের বাজার ভিজিট (পরিদর্শন) না করার জন্য আহ্বান জানাচ্ছি।

এসকেডি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।