ইবির নতুন উপাচার্য কে এই মতিনুর রহমান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৪ মে ২০২৬
অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান/ছবি-জাগো নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক মতিনুর রহমান বগুড়ার চোপিনগর এম এল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং কাহালু কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯০ সালে বিএসএস (সম্মান) ও ১৯৯১ সালে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করেন তিনি।

পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন অধ্যাপক মতিনুর রহমান। ২০০৭ সালে ‘পভার্টি অ্যালিয়েভিয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট: আ স্টাডি অব এনজিও অপারেশন্স ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান

১৯৯৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মতিনুর রহমান। একই বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পলিটিকস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে যোগ দেন। পরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়ে ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবনে সহকারী প্রক্টর, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের পরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মতিনুর রহমান। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ইউট্যাবের কার্যনির্বাহী সদস্য এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি।

গবেষণা ও একাডেমিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। দারিদ্র্য বিমোচন, এনজিও কার্যক্রম, সুশাসন, জলবায়ু পরিবর্তন, নগর ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন প্রশাসন, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে তার ৩০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘NGO and Development: Myth & Reality’ এবং ‘Poverty and Development in Bangladesh’। এছাড়া নেপাল, শ্রীলঙ্কা, চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সুইডেন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি।

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি জাতীয় বিভিন্ন টেলিভিশনে নিয়মিত মতামত দিয়ে থাকেন অধ্যাপক মতিনুর রহমান।

ইরফান উল্লাহ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।