আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন খালেদা : মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। পাশাপাশি তিনি ২০০৭ সালের জরুরি অবস্থা জারির জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানকে দায়ি করেন।
সীমান্ত চুক্তি বাস্তবায়ন, ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি রেজোয়ানা সিদ্দিক টিউলিপের বিজয়, তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয় ও শেখ হাসিনার অন্যান্য অর্জন উপলক্ষে শুক্রবার বিজয় র্যালিপূর্বক এক সমাবেশে তিনি এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগ ওই সমাবেশের আয়োজন করে। র্যালিটি ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।
মতিয়া চৌধরী বলেন, খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান হওয়া ভবন খুলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। যার খেসারত দিতে হয়েছে গোটা জাতিকে।
তিনি বলেন, মুজিব-ইন্দিরা চুক্তিকে বিএনপি গোলামী চুক্তি বলে আখ্যায়িত করেছিল। অথচ চুক্তি বাস্তবায়নের পর খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি (খালেদা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাননি। যদিও খালেদা জিয়ার কাছে দেশের সাধারণ মানুষ কিছু প্রত্যাশা করে না। একইভাবে পার্বত্য শান্তি চুক্তি নিয়েও খালেদা জিয়া বিরুদ্ধাচরণ করে বলেছিলেন, এ চুক্তি বাস্তবায়ন হলে চট্টগ্রাম ভারত হয়ে যাবে। ফেনীর আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করে তার মিথ্যাচার প্রমাণ করেছেন।
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়েও বিরূপ মন্তব্য করেন।
সমাবেশে ঢাকা মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধরী মায়া বলেন, শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই গণতন্ত্র। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ থেকে সন্ত্রাস, জঙ্গি নির্মূল করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতিকে ঐকবদ্ধ হতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মন, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের আলহাজ্ব সাঈদ খোকন প্রমূখ।
এএসএস/বিএ/পিআর