শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২২ মে ২০১৫

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। লাখো মানুষের বাঁধভাঙ্গা স্রোত নামিয়ে শুক্রবার বিকেলে রাজধানীতে এই শোভাযাত্রা বের করা হয়।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনস্থ এই দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার সড়ক জুড়েই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির বর্ণাঢ্য শোভাযাত্রায় নেমেছিল জনতার ঢল। এই পুরো পথই পরিণত হয়েছিল জনতরঙ্গে।

এই র‌্যালিতে জাতীয় নেতাদের কণ্ঠে ছিল একই দাবি ‘পেট্রোল বোমাবাজ, জামায়াত-শিবির ও জঙ্গিগোষ্ঠীর’ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বাধীন করা দেশের মাটিতে স্থান নাই।

এদিকে ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি, লন্ডনের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবং তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীর বিজয়ী হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত-উদ্ভাসিত লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সবার দৃষ্টি কারে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে র‌্যালিপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি ও ডা. দীপু মনি এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম এমপি, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরাফুনন্নেছা মোশারফ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই গণতন্ত্র, শেখ হাসিনা মানেই বাংলাদেশের অর্জন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে র‌্যালিটি দীর্ঘপথ অতিক্রম করে ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে রং-বেরঙের বেলুন, ঘোড়ার গাড়ি, ব্যানার, ফেস্টুন, ট্রাক, দলীয় ও জাতীয় পতাকা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের বিশাল বিশাল ছবিসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ব্যান্ডের তালে তালে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও নারী-পুরুষ নির্বিশেষে নগরীর আপামর জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।