মোদির সফর মাইলফলক সৃষ্টি করবে : সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বাংলাদেশে নতুন একটি মাইল ফলক সৃষ্টি করবে এবং দক্ষিণ এশিয়ায় একটি উল্লেখযোগ্য রাজনৈতিক অবস্থান সৃষ্টি করবে।
সোমবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, রাজনীতিতে ভুল করে ভুল স্বীকার করলে তাতে কোন লজ্জা নেই। বরং এতে আরো রাজনীতি সমৃদ্ধ হয়। আমরা এখন দুঃসময় কাটিয়ে একটি সুসময়ে এসে পৌঁছেছি।
`আমরা ভারত বিরোধীতা কখনও করেনি, এখনও করব না` বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের এমন বক্তব্যে জবাবে সুরঞ্জিত বলেন, আপনারাই বলুন এই কথাটা কি ঠিক? এর চেয়ে সত্যের অপলাপ কিছু হতে পারে না। এর চেয়ে নিলর্জ মিথ্যা আর কিছু হতে পারে না।
তিনি বলেন, বিএনপি ২১ বছর এ দেশে পাকিস্তানি কায়দায় তাদের জন্য বৃহৎ প্রতিবেশী ভারতের বিরুদ্ধে বিষোদগার করে ভারত বিরোধী রাজনীতি করেছেন এবং পাকিস্তানি দোসর হয়ে কাজ করেছে। তারা আগেই ভারতের বিরোধীতা করেছেন এখনও করছেন এবং ভবিষ্যতেও করবেন। কাজেই তাদের এই কথাটা বলতে হবে যে আমরা অতীতে একটি বৃহৎ প্রতিবেশী দেশ, যারা আমাদের মুক্তিযুদ্ধের সময়ে সহায়তা করেছিল তাদের বিরোধীতা করে আমরা ভুল করেছি, আমরা আর অকারণে ভারত বিরোধীতা করব না।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট সবচেয়ে বড় বাজেট। বাংলাদেশে ৩ লাখ ১০০ কোটি টাকার এতো বড় বাজেট আর কখনো হয়নি। যত বড় বাজেট তত বড় অর্থনীতি। আমাদের অর্থনীতি বড় হচ্ছে তাই বাজেটও বড় হচ্ছে।
সুরঞ্জিত বলেন, আমাদের দেশে অর্থপাচার এটি বড় সমস্যা। তাই এটি আগে বন্ধ করতে হবে। আরো সুদূর প্রসার দৃষ্টি দিয়ে এগুতে হবে। কালো টাকা সম্পর্কে বাস্তবসম্মত ব্যবস্থা অবস্থান নেওয়া জরুরি।
সংগঠনের উপদেষ্টা ডা. এমদাদুল হকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সহ-সম্পাদক নারায়ণ দেবনাথ, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
এএসএস/আরএস/পিআর