তিস্তা নিয়ে বিএনপি কথা বলার অধিকার হারিয়েছে : হাছান মাহমুদ


প্রকাশিত: ১০:১৬ এএম, ১১ জুন ২০১৫

‘যে দলের নেত্রী (খালেদা জিয়া) ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে যান সে দলের নেতাদের তিস্তার পানি নিয়ে কথা বলার কোন অধিকার নেই।` বিএনপি নেতাদের উদ্দেশ্যে এমন কথা বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ ভারত সুসম্পর্ক উভয় দেশের উন্নয়নের অন্যতম শর্ত’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে যখন ভারতে গিয়েছিলেন। তখন গঙ্গার পানি চুক্তি নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদসহ অনেক বিএনপি নেতা বলেছেন- যে সব চুক্তি নাকি ভারতের স্বার্থে। আপনাদের বলতে চাই, চুক্তিগুলো একটু পড়ে দেখুন। অশিক্ষিত ও গণ্ড-মূর্খের মত কথা বলবেননা। সব চুক্তি বাংলাদেশের স্বার্থ সমর্থন করে হয়েছে।

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি আরো বলেন, বিএনপি নেত্রী বেগম জিয়া ম্যাট্রিক পাশ করতে না পারলেও, তারেক রহমান দুইবার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেও আমার ধারণা ছিল দলটিতে কিছু শিক্ষিত মানুষ আছে। কিন্তু সঙ্গ দোষে সেই শিক্ষিত নেতাদেরও জ্ঞান লোপ পেয়েছে।

তিনি বলেন, বিএনপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আগে তাদের চিরচেনা ভারত বিরোধিতা আড়াল করার চেষ্টা করেছিল। সফর শেষেই তারা পুরোনো চেহারায় ফিরে গেছে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোর্দ্দার, সুরুজ আলম সুরুজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এসএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।