তিস্তার পানির জন্য ২ কোটি মানুষ কাঁদছে : বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা: এ কি এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তিস্তার পানির জন্য ২ কোটি মানুষ কাঁদছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে এটা নিয়ে কোন আলোচনাই হয়নি।
শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় পার্টির এমপি এ কে এম মাঈদুল ইসলাম মুকুলের "আত্মসত্তার রাজনীতি এবং আমার ভাবনা" বইটির মােড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২২ টি চুক্তির কারণে সীমান্তে ৪৭ হাজার মানুষ সুবিধা পাবে কিন্তু তিস্তার পানির জন্য ২ কোটি মানুষ কাঁদছে। চুক্তিগুলো এখনো সংসদে উত্থাপন না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হিন্দিতে বক্তব্য দেয়ার সমালোচনা করে বি. চৌধুরী বলেন, বাংলাদেশের সরকার প্রধানরা ভারতে গেলে বাংলা ভাষায় বক্তব্য দিতে হবে।
বিএনপিকে তিন ভাগ করে তিনি বলেন, একটা ছিল জিয়াউর রহমানের বিএনপি। পরবর্তীতে খালেদা জিয়ার বিএনপি। সর্বশেষ জামায়াত নির্ভর খালেদার বিএনপি। তবে নানা চাপে জিয়াউর রহমানের সেই রাজনীতিতে বিএনপি ফিরে জাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমদ বলেন, রাজনীতিবিদরা ভাবনা কম করেন। পড়ালেখা আরো কম। লেখার ক্ষেত্রটা ভয়ংকর।
তিনি বলেন, কিভাবে জাতীয় অগ্রগতি হবে তা নিয়ে ভাবতে হবে। এক্ষেত্রে চীন বৃটেন ইউরোপের বিভিন্ন দেশগুলোকে অনুসরণ করার আহ্বান জানান তিনি।
দেশে ৬৪ ভাগ তরুণ রয়েছে দাবি করে তিনি বলেন, এসব তরুণরা একবার জাগ্রত হলে প্রবীণরা যেসব কাজ করতে ব্যর্থ হয়েছে সেই অসম্পূর্ণ কাজ তরুণরা করে দেখাবে।
প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে সাবেক স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, সার্কের যত ফল পাওয়া যাচ্ছে তার সব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এনাম আহমদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. জসিমউদ্দিন আহমদ, কবি আবদুল হাই শিকদার ও দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজ আহমেদ প্রমূখ।
# জাপার এমপির অনুষ্ঠানে প্রধান বক্তা জমির উদ্দিন
এমএম/এআরএস/এমএস