পুরনো পথেই হাঁটছে আওয়ামী লীগ : খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভু-লুণ্ঠিত করে তাদের পুরনো পথেই আবার যাত্রা শুরু করেছে। তারা সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম, নিয়ন্ত্রণ ও খবরদারির খড়গ চাপিয়েছে।
বাক-স্বাধীনতা হরণের ক্ষেত্রে ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন আখ্যা দিয়ে সোমবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সরকার প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক সংবাদ কর্মীদের ওপর নির্যাতন ও হত্যা অব্যাহত রেখেছে এবং অনেক ক্ষেত্রে বিচারও হচ্ছে না। সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার না হওয়াও এর অন্যতম উদাহরণ।
এজন্য তিনি রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রের বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক ভাই ও বোনদের সদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাক-স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। এদিনে তৎকালীন একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে মুক্তচিন্তা-মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। যার ফলশ্রুতিতে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদ কর্মী চাকরি হারিয়েছিলেন, অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের রুজি-রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ।
বাণীতে তিনি আরো বলেন, পরবর্তীকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে এদেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে বাকশাল সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কালো ধারা বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেন।
এমএম/বিএ