জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আট দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি পালনে যেন জন দুর্ভোগ না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
সোমবার (১৮ মে) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলীয় কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি।
সভায় যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
৮ দিনব্যাপী কর্মসূচি
রিজভী বলেন, যৌথসভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫ মে থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—
শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা আয়োজন, ৩১ মে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে কেন্দ্রীয় আলোচনা সভা, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন।
পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা পর্যায়ে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ
সারাদেশে কর্মসূচি
বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে একই দিনে পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
কেএইচ/এমআরএম