বিশিষ্টজনদের আগে এমপিদের নিরাপত্তা চাইলেন ফিরোজ


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৭ জুন ২০১৫
ফাইল ফটো

হত্যার হুমকি পাওয়ার পর দেশের বিশিষ্টজনদের নিরাপত্তা দেওয়ার আগে বিধান করে এমপিদের নিরাপত্তা দাবি করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। এসময় তিনি বিশিষ্টজনদের হত্যার হুমকি নিয়েও সন্দেহ প্রকাশ করেন। বুধবার জাতীয় সংসদের বৈঠক শুরু হলে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

প্রসঙ্গত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম : ১৩’ নামে একটি জঙ্গি সংগঠন। মঙ্গলবার বেলা ১২টার দিকে হত্যার হুমকি দিয়ে তাদের কাছে ডাকযোগে চিঠি পাঠানো হয়। এর আগে ঢাবি উপাচার্যসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তিতে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছিল একই জঙ্গি সংগঠন।

ফিরোজ রশীদ বলেন, পত্রপত্রিকায় এসেছে এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। প্রায়ই দেখি হুমকি দেয়। এই শঙ্কা কিন্তু বেড়েই যাচ্ছে। স্বরাষ্ট্রপতিমন্ত্রী তো জনে জনে নিরাপত্তা দিতে পারবেন না। আমি বলতে চাই হুমকি যদি থাকে এই সংসদে ৩০০ সদস্যদের (প্রকৃতপক্ষে সাড়ে তিনশ’) হুমকি রয়েছে।

তিনি আরো বলেন, আমরা যখন নির্বাচন করেছিলাম তখন হুমকি ছিল। সারা দেশে নাশকতা হয়েছে। সংসদ সদস্যদের গাড়িতে হামলা হয়েছে। বাড়িতে মামলা হয়েছে। তখন কিন্তু আমরা নিরাপত্তা না চেয়ে দেশের মানুষের নিরাপত্তা চেয়েছি। এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত তিন মাসের বেশি সময় যে তাণ্ডব চালিয়েছে সেখানে সংসদ সদস্যই ছিল তাদের তোপের মুখে। জনগণও ছিল তোপের মুখে। কিন্তু এই যে বিশিষ্টজন তারা তো জনগণের সামনে যান না। তারা কীভাবে হুমকি পান? আবার হুমকি যদি দিয়েই থাকে আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন কোথা থেকে কীভাবে এই হুমকিটা দিচ্ছে। এমন লোকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে মনে হয়- তারা বাংলাদেশের এমন কিছু হয়ে গেছেন। এই যে গণজাগরণ মঞ্চ সেখানে প্রতিদিন কয়েকশ’ লোক যায়। সবাই হুমকির মুখে আছে।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কি সবাইকে নিরাপত্তা দেবেন। বাসায় বাসায় একটি রাইফেল নিয়ে রাখা এটা কিসের নিরাপত্তা? হুমকি যদি থাকে, নিরাপত্তা যদি দিতে হয়ে আগে বিধান করে এখানকার সব সংসদ সদস্যদের নিরাপত্তা দিয়ে অন্যদের ব্যাপারে চিন্তা করা যাবে।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।