খালেদার দুই মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধ করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির জন্য ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বকশীবাজারের কারা প্যারেড গ্রাউন্ডে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের অস্থায়ী আদালতে শুনানি চলে। শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করেন বিশেষ জজ।
মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এমএম/এআরএস/আরআইপি