খালেদা জিয়া আইএসের দোসর : হাছান মাহমুদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইএস, বোকোহারাম ও আল-কায়দার দোসর। তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ কথা বলেছেন।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার শরীরকদের মধ্যে এমন অনেকে আছেন যারা সরাসরি আফগান যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের সঙ্গে তিনি নিয়মিত বৈঠক করেন। আর তিনি জঙ্গিবাদের দোষ চাপান অন্যদের ঘাড়ে। খালেদা জিয়ার এই সমস্ত কর্মকাণ্ড জাতির সঙ্গে মস্করা।
তিনি আরো বলেন, খালেদা আজকে আদালতে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে উল্টো পথে গাড়ি চালিয়ে। তিনি দুই বারের সাবেক প্রধানমন্ত্রী হয়েও আদালতে যান উল্টো পথে গাড়ি চালিয়ে, সামনে যদি তার হাতে দেশ থাকে তাও যাবে উল্টো পথে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, কোনো স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার থাকে না। যারা এ দেশ চায় নি তাদের রাজনীতি করার অধিকার দিয়েছিল জিয়াউর রহমান। কিন্তু এদেশের জনগণ তাদের রাজনীতি করার অধিকার থাকুক তা চায় না।
সংগঠনের সভাপতি অরুণ সরকার রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শাজাহান আলম সাজু, এমএ করিম প্রমুখ।
এএসএস/এএইচ/আরআই