বিএনপি ধ্বংসের রাজনীতি করে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ধ্বংসের রাজনীতি করে আর আওয়ামী লীগ করে সৃষ্টির রাজনীতি। দেশে এখন উন্নয়ন হচ্ছে। আর আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটে অনেক উন্নয়ন হয়েছে এবং আরো হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, লন্ডন থেকে সরাসরি সিলেট আসার সুযোগ হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে। এর আগের সরকার ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেনি, কিন্তু আওয়ামী লীগ করেছে। তাই প্রবাসীরা দেশের উন্নয়নে আগের থেকে অনেক বেশি উৎসাহ বোধ করছেন।
যুক্তরাজ্যে ছয় দিনের সফর শেষে লন্ডন থেকে ঢাকা ফেরার পথে সিলেটে একঘণ্টা যাত্রা বিরতিকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের উন্নয়নের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নাশকতায় উন্নয়ন কাজ খানিকটা ব্যাহত হয়েছিল। তাই সবাই মিলে উন্নয়নের গতিকে নতুন করে বেগবান করতে হবে।
প্রধানমন্ত্রী সমুদ্র জয় ও স্থল সীমান্ত চুক্তিসহ তার সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন, এ সাফল্যের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এসব সাফল্যের জন্যে তাকে সিলেটে সংবর্ধনা জ্ঞাপনের প্রস্তাব করা হলে তিনি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত তিন বাঙালি নারীকে সংবর্ধনা দেয়ার প্রস্তাব করেন। তিনি জানান, তামাবিলে পূর্ণাঙ্গ স্থলবন্দর হবে।
শেখ হাসিনা বন্যার আশঙ্কা প্রকাশ করে বলেন, বন্যা হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। দলকে আরো সক্রিয় শক্তিশালী করার ওপর গুরুত্বরোপ করে বলেন, যেসব জেলা-উপজেলায় কার্যকরী কমিটি নেই সেগুলোতে নতুন করে কার্যকরী কমিটি গঠন করা হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে যৌথসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এছাড়া সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, হবিগঞ্জ আওয়ামী লীগের নেতা শাহনেওয়াজ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০১৬ নিয়মিত ফ্লাইটের উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’ প্রায় ৩৬ মিনিট দেরিতে সকাল ১০টা ৬মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে এসে পোঁছে। বিমান থেকে নেমে আসার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেখ হাসিনাকে স্বাগত জানান।
প্রায় এক ঘণ্টা সিলেটে যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী সকাল ১১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানের একই ফ্লাইটে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হন।
ছামির মাহমুদ/এআরএ/আরআই