নারায়ণগঞ্জে ছাত্রলীগের দু`পক্ষের সংঘর্ষে আহত ১০


প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৩ জুন ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের দু`পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ভুলতা এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা।

আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ (২৮), সবুজ (২৪), নাজমুল (২৬) এর নাম জানা গেছে। তাৎক্ষনিক ভাবে বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে আব্দুল্লাহকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুট ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহর সঙ্গে অপর ছাত্রলীগ নেতা শাহ-আলম মোল্লার বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শাহ-আলম মোল্লা ও তার লোকজন আব্দুল্লাহকে এলোপাতারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে আব্দুল্লাহকে কুপিয়ে জখম করেছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে তার সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শাহ-আলম মোল্লাসহ তার লোকজনের উপর হামলা চালায়। প্রায় ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এসময় স্থানীয় গাউছিয়া মার্কেট, তাঁত বাজার, আব্দুল হক সুপার মার্কেট, নুর ম্যানশন, পাল মার্কেটসহ আশ-পাশের হাটবাজার ও দোকান পাট গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ছোট-বড় যানবাহন ভাংচুর করা হয়। পরে ঘটনাস্থল পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক  রয়েছে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মীর আব্দুল আলীম/টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।