দেশে গণতন্ত্র নেই : এমাজউদ্দিন


প্রকাশিত: ০৯:০৩ এএম, ২৯ মার্চ ২০১৬

সরকারের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। গত ৭-৮ বছর ধরে গণতন্ত্রের সামনে আমরা কোনো আশার আলো পর্যন্ত দেখি না। অথচ গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ ইয়ূথ ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

১৫৩ জন সংসদ সদস্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, দশম জাতীয় সংসদে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একটি ভোটও ব্যালট বাক্সে পড়ল না। অথচ তারা সংসদ সদস্য হয়ে গেলেন। তাদের মধ্যে যদি আত্মসম্মানবোধ তীব্র হতো, তাহলে একটি ভোট না পেয়েও শপথ গ্রহণ করলেন কিভাবে? দেশবাসীর আজ সে জিজ্ঞাসা।

খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে কারো দিকে না তাকিয়ে আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধ থেকে নিজেদের বিবেকের বাণী শুনে অবিলম্বে পদত্যাগ করার আহ্বানও জানান সাবেক এই উপাচার্য।

সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার দাবি করে এমাজউদ্দিন বলেন, তনু হত্যার সঠিক বিচারের লক্ষ্যে রাষ্ট্রের ক্ষমতার সবটুকু ব্যবহার করা দরকার। অথচ এখন পর্যন্ত অপরাধীদের ধরাই হলো না। অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।