আলিয়ঁস ফ্রঁসেজে থ্রি শ্যাডোস অব আর্ট
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা’র লা গ্যালারিতে ‘থ্রি শ্যাডোস অব আর্ট’ শিরোনামে শিল্পী মো. রশিদ আলমের একটি একক প্রদর্শনী আয়োজিত হতে যাচ্ছে। প্রদর্শনীর উদ্বোধন করা হবে শুক্রবার, ১ এপ্রিল ক্যাফে লা ভেরান্দায়।
উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্প সমালোচক মহিউদ্দিন খালেদ, এবং ঢাকা আর্ট কলেজের অধ্যক্ষ গোবিন্দ রায়।
শিল্পী মো. রাশেদ আলম ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি ঢাকা আর্ট কলেজ থেকে চারুকলায় স্নাতক (বিএফএ) সম্পন্ন করেন। তার প্রথম একক প্রদর্শনীতে দ্বৈতবাদী চিত্রকলা, ভাস্কর্য এবং অনুচিত্র (মিনিয়েচার) এ তিন ধরণের শিল্পকর্ম তিনি উপস্থাপন করবেন বলে জানিয়েছেন।
বলা যেতে পারে তার দ্বৈতবাদী চিত্রগুলো একটি অনন্য ধারার শিল্পকে তুলে এনেছে যা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দর্শকদের ভিন্ন স্বাদ এবং অনুভূতি আস্বাদনের সুযোগ করে দিতে পারে। এক প্রকার কালানুক্রম মেনে চিত্রগুলো বাম বা ডান দিক থেকে দেখা হলে দর্শকের সামনে একই ক্যানভাসে ভিন্ন চিত্র প্রতীয়মান হয়।
শিল্পী আলমের ভাস্কর্যগুলোর ক্ষেত্রেও এই দ্বিত্ব বিষয়টি মানবাকৃতি এবং মানব-প্রকৃতির এক যুগ্মতুলনে প্রকাশিত হয়েছে। তিনি এ প্রদর্শনীতে কিছু অনুচিত্রও (মিনিয়েচার শিল্প) প্রদর্শন করবেন যা পেন্সিলের সূচাগ্রের গ্রাফাইট ফুঁড়ে বের হয়ে এসেছে কিংবা রঙতুলির কৃশ কাঠ থেকে রূপ নিয়েছে, অথবা মিস্ত্রির হাতুড়ির কাঠের হাতল থেকে রূপান্তরিত হয়েছে। আবার কিছু অনুভাস্কর্যে ভিঞ্চি, পিকাসো, দালি’র মতো অবিনশ্বর গ্রেট মাস্টার্সদের আবক্ষ প্রতিমাকে শিল্পী ফুটিয়ে তুলেছেন পরম যত্নে।
প্রদর্শনীটি চলবে শুক্রবার, ১৫ এপ্রিল প্রতি সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রোববার গ্যালারি সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
এলএ/আরআইপি