যেভাবে ভেঙে পড়লো কলকাতার উড়ালসেতু (ভিডিও)
কলকাতার গিরিশ পার্কে নির্মাণাধীন বিবেকানন্দ উড়ালসেতু ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সিসিটিভি ফুটেজে। বৃহস্পতিবার সকালের দিকে ভেঙে পড়া ওই সেতুর ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।
ভিডিওতে দেখা যাচ্ছে, মধ্য কলকাতার বুরাবাজার এলাকার বিবেকানন্দ উড়ালসেতুর নিচ দিয়ে লোকজন ও গাড়ি চলাচল করছে। এ সময় হঠাৎ তীব্র শব্দে ওপর থেকে সেতু ভেঙে পড়ছে। ফ্লাইওভার দিয়ে চলাচলকারী পথচারীরা চিৎকার করে দৌড়াদৌড়ি করছেন। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে গাড়ি, অটোরিকশা ও পথচারীরা।
কলকাতার ভয়াবহ এই সেতু ধসের একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, খুব অল্প সময়ের মাঝে সেতুটি ধসে পড়েছে। তিনি বলেন, হঠাৎ সেতুটি ভেঙে পড়ে, ৫-৬ সেকেন্ডের মধ্যে এটি পুরোপুরি ধসে পড়ে। সবকিছু তীব্রভাবে কাঁপতে থাকে; আমরা ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র অনুরাগ গুপ্ত বলেন, ধ্বংসস্তুপের নিচে ঠিক কত মানুষ আটকা পড়েছেন তা এখনো অপরিষ্কার। পথচারী এবং যানবাহন ফ্লাইওভারের নিচে চাপা পড়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, আটকা পড়াদের উদ্ধার করা।
এসআইএস/আরআইপি