আবু হুরায়রা (রা.) ও তার অনন্য জ্ঞানসাধনা
আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) ছিলেন ওহি অবতরণ যুগের এক বিস্ময়কর স্মৃতিধর ব্যক্তি, যার অসাধারণ মেধা ও স্মরণশক্তি ইসলামের জ্ঞান-ঐতিহ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি ছিলেন এমন একজন সাহাবি, যিনি শুনতেন গভীর মনোযোগে, বুঝতেন নিখুঁতভাবে এবং একবার মুখস্থ করলে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত তা ভুলতেন না। এই অসামান্য স্মৃতিশক্তিই তাঁকে রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীতে পরিণত করেছে।
আজও যখন কোনো খতিব বা বক্তা বলেন, ‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত…’, তখন আমাদের স্মরণ রাখা উচিত, আমরা এমন এক সাহাবির নাম শুনছি যিনি রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহচর্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন এবং যার মাধ্যমে নববী ইলমের বিশাল ভাণ্ডার আমাদের কাছে পৌঁছেছে। রাসুলের বাণী, নির্দেশনা ও জীবনের আলোয় গড়া সেই যুগের স্মৃতিকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত করে রাখার ক্ষেত্রে আবু হুরায়রার (রা.) ভূমিকা অতুলনীয়।
আবু হুরায়রা (রা.) ছিলেন ইসলামি বিপ্লবের বাস্তব প্রতিচ্ছবি। তিনি এক সময় ছিলেন ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া এক দরিদ্র মানুষ; ইসলাম গ্রহণের পর তিনি হয়ে ওঠেন একজন অনুসরণীয় ইমাম ও জ্ঞানগুরু। নিজের জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি ছিলেন এতিম, নিঃস্ব অবস্থায় হিজরত করেছেন এবং দৈনন্দিন খাবারের বিনিময়ে অন্যের কাজ করতেন। অথচ আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদায় অধিষ্ঠিত করেন যে, তিনি দ্বীনের বাহক ও মানুষের নেতা হয়ে ওঠেন। এই পরিবর্তনই ইসলামের শক্তি ও সত্যতার জ্বলন্ত প্রমাণ।
সপ্তম হিজরিতে খায়বার অভিযানের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর থেকে রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকাল পর্যন্ত প্রায় চার বছর তিনি নিরবচ্ছিন্নভাবে নববী সাহচর্যে কাটান। এই স্বল্প সময়ই তার জীবনের সবচেয়ে পূর্ণ ও অর্থবহ অধ্যায় হয়ে ওঠে। এই সময়টুকুতে তিনি যা শুনেছেন, যা দেখেছেন এবং যা শিখেছেন—তা ইসলামের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে।
আরও পড়ুন:
যেভাবে ইসলাম গ্রহণ করেন আবু হুরায়রার (রা.) মা
সেই যুগে লেখালেখির প্রচলন ছিল সীমিত। বহু সাহাবি ছিলেন যোদ্ধা, প্রশাসক কিংবা ব্যবসায়ী। কিন্তু আবু হুরায়রার (রা.) কোনো জমি, ব্যবসা বা পারিবারিক ব্যস্ততা ছিল না। ফলে তিনি অধিকাংশ সময় রাসুলের মজলিসে উপস্থিত থাকতেন। তিনি লিখে নয়, বরং মুখস্থ করে হাদিস সংরক্ষণ করতেন। রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশেষ দোয়া তার স্মৃতিশক্তিকে আরও তীক্ষ্ণ করে দেয়। রাসুলের বাণী সংরক্ষণ ও তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াকেই তিনি তার জীবনের অনন্য লক্ষ্য হিসাবে নির্ধারণ করেন।
রাসুলের ইন্তেকালের পর তিনি ব্যাপকভাবে হাদিস বর্ণনা শুরু করলে কিছু সাহাবির মধ্যে বিস্ময় ও প্রশ্ন দেখা দেয়। তখন তিনি স্পষ্ট করে বলেন—মুহাজিররা ব্যবসায় ব্যস্ত থাকতেন, আনসাররা কৃষিকাজে, আর তিনি ছিলেন সর্বদা রাসুলের সান্নিধ্যে। তিনি স্মরণ করিয়ে দেন সেই ঐতিহাসিক ঘটনার কথা, যখন রাসুল একটি চাদর বিছিয়ে রাখার মাধ্যমে তাঁর স্মৃতির জন্য বিশেষ বরকত লাভের দোয়া করেছেন। তিনি আরও বলেন, আল্লাহর কিতাবে জ্ঞান গোপনকারীদের প্রতি যে কঠোর সতর্কবার্তা এসেছে, তা না থাকলে হয়তো তিনি এত বেশি হাদিস বর্ণনা করতেন না।
আমিরুল মুমিনীন ওমর (রা.) কোরআনের সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে গিয়ে কিছু সময় হাদিস বর্ণনায় সংযমের আহ্বান জানান। আবু হুরায়রা (রা.) এই দৃষ্টিভঙ্গিকে সম্মান করলেও নিজের দায়িত্ববোধ থেকে হাদিস বর্ণনা বন্ধ করেননি। তিনি জানতেন, জ্ঞান গোপন করা পাপের শামিল।
আবু হুরায়রার (রা.) স্মৃতিশক্তি পরীক্ষিত হয়েছে বহুবার। মারওয়ান ইবনুল হাকাম তার কাছ থেকে হাদিস লিখিয়ে কয়েক বছর পর পুনরায় শুনে অবাক হয়ে যান—একটি শব্দও বদলায়নি। ইমাম শাফেঈ ও ইমাম বুখারীর মতো মনীষীরাও তার স্মরণশক্তির ভূয়সী প্রশংসা করেছেন। শত শত সাহাবি, তাবেঈ ও আলেম তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন।
ইবাদতের ক্ষেত্রেও তিনি ছিলেন অনন্য। তার ঘরে রাতের প্রতিটি প্রহর ইবাদতে কাটত—তিনি, তার স্ত্রী ও কন্যা পালাক্রমে কিয়ামুল লাইল আদায় করতেন। দারিদ্র্য ও ক্ষুধার কষ্ট তিনি সহ্য করেছেন চরমভাবে। তবুও ইলম ও ইবাদতের পথে তিনি অটল ছিলেন।
৫৯ হিজরীতে ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকীতে সমাহিত হন। তার দাফনের সময়ও মানুষের মুখে মুখে ঘুরছিল তাঁর বর্ণিত হাদিসসমূহ।
‘আবু হুরায়রা’—এই নামের পেছনে আছে তার কোমল হৃদয়ের পরিচয়। পোষা বিড়ালের প্রতি গভীর মমতার কারণে পাওয়া এই উপনামেই তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোন।
ওএফএফ