নামাজের কেরাতে তারতিব নষ্ট হলে সাহু সিজদা দিতে হবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১০ এপ্রিল ২০২৬
নামাজের কেরাতে তারতিব নষ্ট হলে সাহু সিজদা দিতে হবে? ছবি: আনপ্ল্যাশ

প্রশ্ন: নামাজের কেরাতে তারতিব বা ধারাবাহিকতা রক্ষা করতে হয় বলে জানি। কোনো কারণে সুরার তারবি নষ্ট হলে কি সাহু সিজদা দিতে হবে?

উত্তর: ফরজ-ওয়াজিব নামাজের কেরাতে তারতিব বা ধারাবাহিকতা রক্ষা করা উচিত, ইচ্ছাকৃত তারতিব রক্ষা না করা মাকরুহ বা অপছন্দনীয়। কিন্তু এটা নামাজের ফরজ বা ওয়াজিব বিধান নয়। তাই ভুল করে বা ইচ্ছাকৃত কেরাতে তারতিব রক্ষা না করলে সাহু সিজদা দিতে হবে না।

সুন্নত ও নফল নামাজের কেরাতে তারতিব রক্ষা করা জরুরি নয়। ফরজ-ওয়াজিব নামাজেও ভুলে তারতিব নষ্ট হলে তা মাকরুহ গণ্য হবে না।

নামাজের কেরাতে তারতিব দুইভাবে নষ্ট হতে পারে:

১. সুরা আগে পরে পড়া

সুরা ফাতেহা পড়ার পর প্রথম রাকাতে যে সুরা পড়া হয়েছে, পরের রাকাতে তার পরবর্তী কোনো সুরা পড়া উচিত। প্রথম রাকাতে এক সুরা পড়ে পরের রাকাতে ওই সুরার আগের কোনো সুরা পড়া মাকরুহ। যেমন প্রথম রাকাতে সুরা ফিল পড়ার পর দ্বিতীয় রাকাতে সুরা হুমাজাহ পড়া মাকরুহ। কারণ এতে কোরআনের সুরার ধারাবাহিকতা পাল্টে দেয়া হয়। (দুররুল মুখতার)

২. এক সুরা বাদ দিয়ে পড়া

এক সুরা পড়ার পর মাঝখানে এক সুরা বাদ দিয়ে পরের সুরা পড়া মাকরুহ। তবে দুই সুরা বাদ দিয়ে পরের সুরা পড়লে সমস্যা নেই। যেমন-প্রথম রাকাতে সুরা ফিল পড়ার পর দ্বিতীয় রাকাতে সুরা কুরাইশ বাদ দিয়ে সুরা মাউন পড়া মাকরুহ। কিন্তু সুরা কাউসার বা কাফিরুন বা এর পরের সুরাগুলো পড়লে সমস্যা নেই। (দুররুল মুখতার, ফতোয়ায়ে শামি)

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।