নামিবিয়াকে হারিয়ে পাকিস্তানকে পেছনে ফেললো নেদারল্যান্ডস
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে লড়াই করে হারলেও দ্বিতীয় ম্যাচে এসেই জয়ের দেখা পেয়ে পেয়েছে নেদারল্যান্ডস। নামিবিয়াকে ৭ উইকেট আর ২ ওভার হাতে রেখে হারিয়েছে ডাচরা।
এই জয়ে ২ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপে ভারতের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। পাকিস্তানেরও সমান ২ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় তারা নেমে গেছে তিনে।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৬ রান তুলেছিল নামিবিয়া। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে ১৫৯ রান করে জয় তুলে নেয় নেদারল্যান্ডস।
রান তাড়ায় শুরুতে ম্যাক্স ও'দাউদকে (৭) হারালেও আরেক ওপেনার মাইকেল লেভিট করেন ১৫ বলে ২৮। ২৮ বলে ৩২ রান আসে কলিন অ্যাকারম্যানের ব্যাট থেকে।
এরপর দলকে জয়ের বন্দর পর্যন্ত নিয়ে গেছেন বেস ডি লিডি আর অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ডি লিডি ৪৮ বলে ৫ চার আর ৪ ছক্কায় খেলেন ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস। ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন এডওয়ার্ডস।
এর আগে নামিবিয়ার কেউই পাননি অর্ধশতক। চার ব্যাটারের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় দলটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিল্লিতে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস।
ব্যাটিং করতে নেমে ওপেনার লুরেন স্টিনক্যাম্প ৬ রান করে আউট হন আরিয়ান দত্তের বলে স্টাম্পিং হয়ে। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় নামিবিয়া। এরপর ৫০ রানের জুটি গড়েন জেন ফ্রাইলিঙ্ক ও জেন-নিকোল।
এই জুটি ভাঙেন লোগান ফন বিক। ৩০ রান করে ফ্রাইলিঙ্ক উইকেটের পেছনে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের গ্লাভসে ধরা পড়লে ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় নামিবিয়া।
ভালো শুরু করে ৮ বলে ১৮ রান করেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। তবে সেটি ধরে রাখতে পারেননি। আউট হয়েছেন দলীয় ৯৫ রানে বেস ডি লিডির বলে। তার বিদায়ের পর দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করা জেন নিকোলও সাজঘরের পথ ধরেন লোগান ফন বিকের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে। ১০৭ রানে চতুর্থ উইকেটের পতন হয় নামিবিয়ার।
১ চার ও দুই ছক্কায় জেজে স্মিট ১৫ রান করে চড়াও হওয়ার বার্তা দিয়েই ফিরে যান সাজঘরে বেস ডি লিডির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে। পঞ্চম উইকেটের পতন হয় ১২৭ রানে। জেন গ্রিন ৯ রান করে রিভার্স সুইপ করে বাউন্ডারিতে ক্যাচ আউট হলে ১৩৫ রানে ৬ উইকেট হারায় নামিবিয়া। ৯ রান করে রানআউট হন ট্রাম্পেলম্যান।
ইনিংসের শেষ বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন ৪ রান করা উইলিয়ান মাইবার্গ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় নামিবিয়া। ৬ রান করে অপরাজিত ছিলেন লেচার।
ডাচদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন লোগান ফন বিক ও বেন ডি লিডি। একটি করে উইকেট আরিয়ান দত্ত ও ফ্রেড ক্লাসেনের ঝুলিতে।
এমএমআর