বিরোধের অবসান, আল নাসরের হয়ে মাঠে ফিরছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চলমান বিরোধের অবসান ঘটালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবের ম্যাচ বয়কট শেষ করে তিনি আবারও মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড সৌদি প্রো লিগে আল নাসরের সর্বশেষ দুটি ম্যাচে খেলেননি। তিনি শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ গোলের জয় এবং এর আগে আল রিয়াদের বিপক্ষেও দলের হয়ে মাঠে নামেননি। সূত্র জানিয়েছে, রোনালদো আগামী ১৪ ফেব্রুয়ারি আল ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়েই দলে ফিরবেন।

এর আগে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-তে বুধবার আরকাদাগের বিপক্ষেও ম্যাচ রয়েছে আল নাসরের।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সার্বভৌম বিনিয়োগ তহবিল (পিআইএফ)-এর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন রোনালদো। ট্রান্সফার উইন্ডোতে ক্লাবকে পর্যাপ্ত সহায়তা না দেওয়া এবং প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর শক্তিশালী হওয়া নিয়েও তার আপত্তি ছিল।

বিশেষ করে, পিআইএফের ৭৫ শতাংশ মালিকানাধীন আল হিলাল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আল ইত্তিহাদ থেকে রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমাকে দলে ভেড়ানোয় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

সূত্রের তথ্য অনুযায়ী, রোনালদোর প্রধান কয়েকটি দাবি পূরণ করায় তিনি আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। পিআইএফ আল নাসরের বকেয়া বেতন পরিশোধ করেছে এবং ক্লাব পরিচালনায় শীর্ষ কর্মকর্তাদের স্বাধীনতা পুনর্বহাল করেছে।

এর ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো এবং সিইও হোসে সেমেদো, যাদের দায়িত্ব স্থগিত করা হয়েছিল, তারা আবারও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

এদিকে গত বৃহস্পতিবার সৌদি প্রো লিগ এক বিবৃতিতে জানায়, কোনো খেলোয়াড় নিজ দলের বাইরে লিগের নীতিগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারবেন না। বিবৃতিতে বলা হয়, প্রতিটি ক্লাব নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং ট্রান্সফার, ব্যয় ও কৌশলগত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ক্লাবই নেয়, যা নির্ধারিত আর্থিক কাঠামোর মধ্যে থাকতে হবে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২২ ম্যাচে ১৮ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন রোনালদো। বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে এক পয়েন্ট পিছিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের পর দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।