শেষ ৫ ওভারে দুর্দান্ত বোলিং, অস্ট্রেলিয়াকে ১৮১ রানে থামালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

দুই ওপেনার যেমন শুরু এনে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সংগ্রহটা অনায়াসে দুইশ পার হয়ে যেতে পারতো। কিন্তু শেষ ৫ ওভারে দুর্দান্ত বোলিং করলো শ্রীলঙ্কা। ৩০ রান দিয়ে তুলে নিলো ৬ উইকেট। ফলে পুরো ২০ ওভার খেললেও ১৮১ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। জিততে হলে লঙ্কানদের করতে হবে ১৮২।

পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার মিচেল মার্শ আর ট্রাভিস হেড রীতিমত তাণ্ডব চালান লঙ্কান বোলারদের ওপর। ৫১ বলের উদ্বোধনী জুটিতে তারা তুলে দেন ১০৪ রান।

২৯ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৬ রান করে আউট হন হেড। ক্যামেরন গ্রিন সুবিধা করতে পারেননি। ৭ বলে ৩ রানেই সাজঘরে ফেরেন।

২৫ বলে ফিফটি করা মার্শ থেমেছেন ৫৪ রানে। ২৭ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি আর ২টি ছক্কা হাঁকান অজি অধিনায়ক। ১২ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে শ্রীলঙ্কা।

এরপর টিম ডেভিডও অল্প রানে ফেরত যান (৫ বলে ৬)। জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি ম্যাক্সওয়েল। ১৫ বলে ২২ রান আসে তার ব্যাট থেকে। ২২ বলে ২৭ করেন জশ ইংলিশ। শেষদিকে কুপার কনোলি-মার্কাস স্টয়নিসরা দলকে প্রত্যাশিত পুঁজি এনে পারেননি।

শ্রীলঙ্কার দুশান হেমন্ত ৩৭ রান খরচায় নেন ৩টি উইকেট। ২টি উইকেট দুষ্মন্ত চামিরার।

এমএমআর

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।