বিসিএল

‘মুশফিককে বলেছিলাম তুই শুধু টিকে থাক’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০১ মার্চ ২০২৬

জাতীয় দলের ব্যস্ততা না থাকায় এবারের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) হয়ে উঠেছে তারকায় ঠাসা। রাজশাহী ও বগুড়ায় হওয়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই রোমাঞ্চ ছড়িয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল ব্যাট হাতে অবিশ্বাস্য এক ইনিংসে সাউথ জোনের বিপক্ষে ইস্ট জোনকে জিতিয়েছেন জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ১১ নম্বর ব্যাটার মুশফিক হাসান, যিনি ৩৫ বল খেলে অপরাজিত থাকেন ৪ রানে। ম্যাচ শেষে হাসান বলেন, ব্যাটিংয়ের সময় মুশফিককে শুধু টিকে থাকতে বলেছিলেন তিনি।

রাজশাহী ও বগুড়ার উইকেট নিয়ে মুগ্ধতা প্রকাশ করে হাসান মাহমুদ বলেন, ‘এসব উইকেটে যদি আমরা ট্রেনিং করি বা প্র্যাকটিস করি, ফ্যাসিলিটিস পাই, আমরা অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে আরও এগিয়ে যাব। আমার মনে হয় উইকেটটা খুবই স্পোর্টিং। বোলাররা এসব উইকেটে যতবার ম্যাচ খেলবে অভিজ্ঞতা আরও (বেশি) হবে।’

লো-স্কোরিং ম্যাচে স্নায়ুর লড়াই নিয়ে এই পেসার আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক ম্যাচে এরকম উইকেট থাকে, ফ্ল্যাট ট্র্যাক থাকে বা ব্যাটিং বান্ধব উইকেট থাকে। উইকেট ভালো ছিল, আমাদের চেষ্টা ছিল যে কম ঝুঁকিপূর্ণ শট খেলে ম্যাচটা বের করে আনা যেহেতু কম রানের ম্যাচ। হয়তোবা ব্যাটসম্যানদের (ঠিকঠাক) হয় নাই, কিন্তু টেলএন্ডাররা আমাদেরকে সাপোর্ট করেছে অনেক। এজন্য হয়তো ম্যাচটা বের হয়ে গেছে আজকে।’

ইস্ট জোনের জয় নিশ্চিত করার পথে হাসান মাহমুদ ৪৫ বলে ৩৫ রানের এক লড়াকু ইনিংস খেলেন। অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ১১ নম্বর ব্যাটার মুশফিক হাসান, যিনি ৩৫ বল খেলে অপরাজিত থাকেন ৪ রানে। সতীর্থের ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রশংসা করে হাসান বলেন, ‘আমি বলেছি অনেকগুলো বল বাকি, ওভার বাকি। শুধু তুই আমাকে একটু সাপোর্ট দে, আমি ম্যাচটা বের করে দেব। প্রত্যেকটা বলই দেখে-শুনে খেলবি, আর এক এক (সিঙ্গেল) করে নেব আমরা ইনশাআল্লাহ। সেটাই করেছে ও, আসলে খুব ভালো ব্যাটিং করেছে মুশফিক।’

নিজের এই লড়াকু ইনিংসটিকে ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি হিসেবে দেখছেন হাসান। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অবশ্যই ক্যারিয়ার সেরা ইনিংস বলব। প্রত্যেকটা ইনিংসই আমার কাছে বিশেষ মুহূর্ত। আর আজকের দিনে আমি অবশ্যই মুশফিককে ধন্যবাদ জানাতে চাই যে, আমাকে সাপোর্ট করেছে অনেক। ওর প্রতি ভরসা ছিল আমার যে, ও যদি কাভার করতে পারে আমি ম্যাচটা বের করতে পারব।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।