বিসিসিআইয়ের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন দ্রাবিড়-মিতালি-রজার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৪ মার্চ ২০২৬

ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদান রাখার জন্য স্বীকৃতি পেতে যাচ্ছেন রাহুল দ্রাবিড় ও রজার বিনি বিসিসিআইয়ের সর্বোচ্চ সম্মান কর্নেল সি. কে. নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন তারা। আগামী ১৫ মার্চ দিল্লিতে আয়োজিতবিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হবে।

একই অনুষ্ঠানে ভারতের নারী ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ভারতের নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজকে নারীদের বিভাগে সমমানের লাইফটাইম অ্যাওয়ার্ড দেওয়া হবে। বিসিসিআই জানিয়েছে, ভারতের নারী ক্রিকেটের বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে এর মর্যাদা বাড়াতে মিতালির ভূমিকা অনন্য।

একই আয়োজনে পুরস্কৃত হতে যাচ্ছেন শুভমান গিল ও স্মৃতি মান্ধানা। পলি উমরিগড় অ্যাওয়ার্ড পাচ্ছে এই দুজন। ২০২৪-২৫ মৌসুমে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হচ্ছেন শুভমান গিল আর বছরের সেরা নারী ক্রিকেটারের পুরস্কার পেতে যাচ্ছেন স্মৃতি মান্ধানা। গিল দ্বিতীয়বারের মতো পাচ্ছেন এই খেতাব আর স্মৃতি পঞ্চমবার।

সম্মাননা পাবেন ঘরোয়া ক্রিকেটের কয়েকজনও। মুম্বাইয়ের ইরা যাদব জুনিয়র বিভাগে সেরা নারী ক্রিকেটারের জন্য জগমোহন ডালমিয়া ট্রফি জিততে যাচ্ছেন। আর সিনিয়র বিভাগে একই ট্রফি পাচ্ছেন হরিয়ানার শেফালি ভার্মা।

সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতায় সেরা অলরাউন্ডার হিসেবে লালা অমরনাথ ট্রফি জিতছেন আয়ুশ মহাত্রে। অন্যদিকে ২০২৪-২৫ মৌসুমের রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডার হিসেবে একই পুরস্কার পাচ্ছেন বিদর্ভের হার্শ দুবে।

এছাড়া বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্টে সেরা পারফরম্যান্সের জন্য আবারও সম্মাননা পাচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মৌসুমে চারটি শিরোপা জিতেছে এবং দুটি টুর্নামেন্টের রানার্সআপ হয়েছে তারা।

এবারই প্রথমবারের মতো আইসিসির পাঁচটি শিরোপাজয়ী ভারতীয় দলকেও সম্মান জানানো হবে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৬ সালের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পুরুষদের সিনিয়র দল, ২০২৫ সালের আইসিসি নারী বিশ্বকাপ জয়ী সিনিয়র দল, ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী পুরুষ দল এবং ২০২৫ সালের আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল।

বিসিসিআইয়ের ভাষ্য অনুযায়ী, বিশ্ব ক্রিকেটে ভারতের জন্য এটি ছিল, অসাধারণ সাফল্যের একটি সময়। আর সেই কৃতিত্বের স্বীকৃতিই দেওয়া হবে এই পুরস্কার অনুষ্ঠানে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।