পিএসএলে খেলতে ক্রিকেটারদের ভেঙে ভেঙে অনাপত্তিপত্র দেবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৯ মার্চ ২০২৬

পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হবে আগামী ২৬ মার্চ। বাংলাদেশ থেকে এবার ৬ ক্রিকেটারের পিএসএল খেলার কথা রয়েছে। তবে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি আসরের মাঝেই বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে এখন টাইগারদের জন্য প্রত্যেক সিরিজই সমান গুরুত্বপূর্ণ।

এ কারণেই পিএসএলে খেলার জন্য রিশাদ-মোস্তাফিজদের ভেঙে ভেঙে অনাপত্তিপত্র দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাগো নিউজকে এটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

ফাহিম বলেন, ‘আমরা পিএসএল খেলার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিচ্ছি। তবে সেটা টানা দেওয়া যাচ্ছে না। আগামী ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় নিউজিল্যান্ড সিরিজেও ক্রিকেটারদের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা ভেঙে ভেঙে অনাপত্তিপত্র দিবো। যাতে করে তারা দুটোই সমানভাবে খেলতে পারে।’

এবারের পিএসএলে মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। এছাড়া পেশোয়ার জালমির হয়ে শরিফুল ইসলাম আর নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলবেন রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের ক্যাম্পে থাকবেন না মোস্তাফিজ, ইমন, শরিফুল, নাহিদ ও রিশাদ। ১২ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় মোস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে ২৪ এপ্রিল আবার পিএসএলে ফিরবেন তিনি।

তামিম, শরিফুল, নাহিদও ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলতে হবে তাদের। আর ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পাওয়া ইমন খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭, ২০, ২৩ এপ্রিল মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭, ২৯ এপ্রিল ও ২ মে।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।