২০ হাজার ২৫০ কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৩ মে ২০২৬

আইপিএলের ১৯তম আসরের মাঝপথ অতিক্রম করছে। পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস রয়েছে বেশ ভালো অবস্থানে। এমন পরিস্থিতিতে অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় এলো বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্রভিত্তিক এক কনসোর্টিয়ামের সঙ্গে আগের চুক্তি ভেস্তে যাওয়ার পর শেষ মুহূর্তে ভারতীয় বিলিয়নিয়ার, শিল্পপতি লক্ষ্মি মিত্তাল এবং সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদার পুনাওয়ালার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেওয়ার চূড়ান্ত চুক্তি করেছে।

রোববার সংশ্লিষ্ট পক্ষগুলোর দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২০ হাজার ২৫০ কোটি টাকা) মূল্যে রাজস্থান রয়্যালসের পুরো ফ্র্যাঞ্চাইজি পোর্টফোলিও অধিগ্রহণে ‘ডেফিনিটিভ এগ্রিমেন্ট’ সম্পন্ন হয়েছে।

এই চুক্তির আওতায় শুধু আইপিএলের রাজস্থান রয়্যালসই নয়, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বার্বাডোস রয়্যালসও অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি সম্পন্ন হওয়ার পর রাজস্থান রয়্যালসের প্রায় ৭৫ শতাংশ মালিকানা থাকবে মিত্তাল পরিবারের হাতে। আদার পুনাওয়ালার মালিকানা হবে প্রায় ১৮ শতাংশ। বাকি ৭ শতাংশ শেয়ার থাকবে অনুমোদিত বর্তমান বিনিয়োগকারীদের কাছে, যার মধ্যে রয়েছেন বর্তমান প্রধান মালিক মনোজ বাদালে।

এর মাধ্যমে মার্চ মাসে হওয়া আগের একটি বড় চুক্তি কার্যত বাতিল হয়ে গেলো। ওই সময় অ্যারিজোনাভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা কার্ল সোমানির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একদল ক্রীড়া বিনিয়োগকারী প্রায় ১ দশমিক ৬৩৫ বিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস কেনার বিড জিতেছিল। ওই কনসোর্টিয়ামে ছিলেন এনএফএলের ডেনভার ব্রঙ্কোসের মালিক রব ওয়ালটন এবং ডেট্রয়েট লায়ন্স মালিক পরিবারের সদস্য মাইকেল হ্যাম্পও।

জানা গেছে, মার্চের ২০ তারিখ একাধিক রাউন্ডের বিড শেষে সোমানি গ্রুপটি সর্বোচ্চ দরদাতা হয়েছিল। তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক আভ্রাম গ্লেজারের ল্যান্সার ক্যাপিটাল, ক্যাপ্রি গ্রুপ, আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছিল। তবে শেষ পর্যন্ত কেন তারা চুক্তি সম্পন্ন করতে পারেনি, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখযোগ্য বিষয় হলো, কার্ল সোমানি নিজেও ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের একজন বিনিয়োগকারী ছিলেন।

আইপিএলের ১০টি মূল ফ্র্যাঞ্চাইজির একটি রাজস্থান রয়্যালস। ২০০৮ সালে উদ্বোধনী আইপিএলে যুক্তরাজ্যভিত্তিক ইমার্জিং মিডিয়া গ্রুপ মাত্র ৬ কোটি ৭০ লাখ ডলারে দলটি কিনেছিল। সে সময়ের তুলনায় এখন ফ্র্যাঞ্চাইজিটির মূল্য প্রায় ৫৮ গুণ বেড়েছে।

বর্তমান প্রধান মালিক মনোজ বাদালের মালিকানাধীন ইমার্জিং মিডিয়াই এতদিন রাজস্থান রয়্যালস পরিচালনা করছিল। নতুন চুক্তি অনুযায়ী, বাদালে পুরোপুরি সরে যাচ্ছেন না। বরং তিনি বোর্ডে থেকে ক্লাবের অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন।

বিশ্বখ্যাত ইস্পাত কোম্পানি আর্সেলর মিত্তালের মালিক লক্ষ্মী মিত্তাল রাজস্থান রয়্যালসের মালিক হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উত্তর রাজস্থানের সাদুলপুরে জন্ম নেওয়া এই শিল্পপতি বলেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি। আমার পরিবারের শিকড় রাজস্থানে। তাই আইপিএলে রাজস্থান রয়্যালস ছাড়া অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হতে চাইতাম না।’

তার ছেলে আদিত্য মিত্তাল জানিয়েছেন, তারা রাজস্থান রয়্যালসের প্রতিভা বিকাশের ঐতিহ্য ধরে রাখতে চান। পাশাপাশি বিশ্বের সেরা প্রতিভাবান ক্রিকেটারদের একত্র করে ভবিষ্যতে দলটি আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে তাদের।

অন্যদিকে মনোজ বাদালে বলেন, আইপিএলকে বিশ্বের সবচেয়ে সফল ক্রিকেট লিগ হিসেবে গড়ে তোলার যাত্রায় অংশ হতে পেরে তিনি গর্বিত। নতুন মালিকদের সঙ্গে কাজ করার ব্যাপারেও আশাবাদী তিনি।

বাদালে বলেন, ‘আমাদের সমর্থক, খেলোয়াড়, কোচ এবং ম্যানেজমেন্ট- অতীত ও বর্তমানের সবাই মিলে এই দলটি আজকের অবস্থানে এনেছে। মিত্তাল পরিবার এবং আদার পুনাওয়ালাকে আমরা স্বাগত জানাই। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা, রাজস্থান ও ভারতের সঙ্গে তাদের সংযোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা- সবকিছুই রাজস্থান রয়্যালসের ভবিষ্যতের জন্য দারুণ ইতিবাচক।’

চুক্তিটি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার অনুমোদন প্রয়োজন হবে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।