স্টার্ককে নিয়ে দুঃসংবাদ, আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা দিল্লির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২০ মার্চ ২০২৬

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল মিচেল স্টার্কের দল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ বাঁহাতি পেসার টুর্নামেন্টের শুরুর অংশ মিস করতে পারেন বলে জানা গেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া স্টার্ককে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। সামনের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে তাকে ধীরে ধীরে মাঠে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, তার খেলার বিষয়টি নির্ভর করবে আগামী কয়েক সপ্তাহে রিহ্যাব ও ফিটনেস অগ্রগতির ওপর।

৩৬ বছর বয়সী স্টার্কের অতিরিক্ত খেলার চাপই এই সিদ্ধান্তের মূল কারণ। তিনি সদ্য অ্যাশেজের পাঁচটি টেস্টেই খেলেছেন এবং এরপর বিগ ব্যাশ লিগের শেষ ভাগেও অংশ নিয়েছেন।

যদিও স্টার্ক গত বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। তবুও টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার জন্য তিনি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামনে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি রয়েছে—আগস্ট থেকে শুরু করে ১২ মাসে প্রায় ২১টি টেস্ট খেলতে হতে পারে, যার মধ্যে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ড সফর অন্তর্ভুক্ত। পাশাপাশি রয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।

স্টার্ককে আইপিএলের নিলামে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তার অনুপস্থিতি দলের বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে।

এদিকে একই কারণে অস্ট্রেলিয়ার আরও দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও টুর্নামেন্টের শুরুতে খেলতে পারবেন না। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেছেন নাথান এলিস।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।