আইপিএলে ডাক পেয়ে পিএসএল ছাড়লেন আরও এক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ২৩ মার্চ ২০২৬

স্যাম কারানের ইনজুরিতে রাজস্থান রয়্যালসে ডাক পেয়েছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। আইপিএলে খেলার জন্য পিএসএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং ইতিমধ্যে তার পিএসএল দল লাহোর কালান্দার্সকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

কুঁচকির চোটে পড়ায় পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন স্যাম কারান। ইংলিশ এই অলরাউন্ডারের পরিবর্তে শানাকাকে বেছে নিয়েছে রাজস্থান। অন্যদিকে, লাহোর কালান্দার্স শানাকার পরিবর্তে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসকে দলে নিচ্ছে।

গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিচ্ছেন শানাকা। এর আগে ব্লেসিং মুজারাবানি ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে যোগ দেন।

রাজস্থান রয়্যালসের দলে শানাকা যোগ দিয়ে শক্তিশালী বিদেশি খেলোয়াড়দের তালিকাকে আরও সমৃদ্ধ করেছেন। অন্যদের মধ্যে রয়েছেন শিমরন হেটমায়ার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, কওয়েনা মাফাকা এবং অ্যাডাম মিলনে।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।