হঠাৎ অবসরের ঘোষণা প্রোটিয়া তারকা ব্যাটারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রসি ভ্যান ডার ডুসেন। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে হাইব্রিড সেন্ট্রাল চুক্তিতে ছিলেন ডুসেন। তবে গত সাত মাস ধরে তিনি জাতীয় দলের বাইরে। ২০২৬-২৭ মৌসুমে নতুন করে চুক্তিবদ্ধ হননি ডুসেন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নেবেন ডুসেন। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ ও মেন্টরিংয়ে নিজেকে নিয়োজিত করার কথাও জানিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘গর্ব ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিচ্ছি। প্রোটিয়াস জার্সি পরা এমন এক সম্মান, যা আপনাকে কঠোরভাবে পরীক্ষা নেয়, আবার অসাধারণভাবে পুরস্কৃতও করে। দেশের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

তিনি আরও ধন্যবাদ জানিয়েছেন লায়ন্স দলের কর্তৃপক্ষ, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফ, তার এজেন্ট ক্রিস কার্ডোসো, স্ত্রী লারা এবং দক্ষিণ আফ্রিকার সমর্থকদের।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘বড় স্বপ্ন দেখো এবং তা অর্জনের জন্য সবকিছু উজাড় করে দাও।’ শেষে তিনি লিখেছেন, ‘আমি দক্ষিণ আফ্রিকাকে ভালোবাসি, আমি ক্রিকেটকে ভালোবাসি।’

২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ভ্যান ডার ডুসেন ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে ফরম্যাটেই তিনি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন, যেখানে তিনি ছয়টি সেঞ্চুরি ও ১৭টি হাফসেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে তার গড় দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের পরেই।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।