নাসিমকে ২ কোটি রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ৩১ মার্চ ২০২৬

পাকিস্তান সুপার (পিএসএল) লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে একটু টুইট করেছিলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। মিনিট দুয়েকের মধ্যে সেটি আবার সরিয়েও নেন তিনি। কিন্তু এই ঘটনায় ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে তাকে।

পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বিভিন্ন ধারা এবং বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যম নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গঠিত শৃঙ্খলা কমিটি এই সিদ্ধান্ত প্রকাশ করেছে।

পিসিবি গত ২৭ মার্চ একটি শোকজ নোটিশ দিয়ে নাসিমের কাছে ব্যাখ্যা চেয়েছিল। তার জবাব পাওয়ার পর ৩০ মার্চ একটি তিন সদস্যের শৃঙ্খলা কমিটি ব্যক্তিগত শুনানি গ্রহণ করে। শুনানি ও নাসিমের বক্তব্য পর্যালোচনার পর সেই কমিটি জানায়, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও তিনি লঙ্ঘন করেছেন কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা। এ কারণে তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।

এছাড়া নাসিমের সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বে থাকা ব্যক্তিকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং পিসিবি তাকে ভবিষ্যতে বোর্ডের অধীন কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করবে।

পিসিবি জানিয়েছে, তারা পেশাদার মান, চুক্তিগত বাধ্যবাধকতা এবং খেলাধুলার সততা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঘটনার সূত্রপাত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। সেখানে তাকে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে পরিচয় করানো হয় দুই দলের খেলোয়াড়দের সঙ্গেও।

এর কিছুক্ষণ পর নাসিম শাহর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তিনি লিখেন,‘তাকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?’ পোস্টটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ভক্ত ও ক্রিকেট মহলে নানা প্রতিক্রিয়া তৈরি করে।

পরবর্তীতে নাসিম শাহ জানান, পোস্টটি তার ইচ্ছাকৃত ছিল না। তার দাবি, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তিনি লিখেন, ‘নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে।’

তিনি স্পষ্ট করেন, এটি তার ব্যক্তিগত মন্তব্য নয়, বরং একটি নিরাপত্তা ত্রুটির ফল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।