শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে চমক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলে একমাত্র নতুন মুখ ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। তিনি এর আগে বাংলাদেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার সারমিন সুলতানা সাত বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন।

আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেদিন তারা সরাসরি রাজশাহীর উদ্দেশে রওনা দেবে। রাজশাহীতে দুই দিন প্রস্তুতি অনুশীলন শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে যাত্রা করবে দুই দল। সেখানে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের মাটিতে দীর্ঘ সময় পর ওয়ানডে খেলতে আসছে শ্রীলঙ্কা নারী দল। এর আগে সর্বশেষ ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাই পর্বে এখানে ওয়ানডে খেলেছিল তারা। তারও আগে ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল শ্রীলঙ্কা, যেখানে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানও খেলেছিল। সেই আসরে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা নারী দল।

বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্না আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।

এসকেডি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।