বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে থাকছেন ভারতীয় আম্পায়ার

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল সোমবার ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে।

এর আগে দুই সিরিজের জন্যই ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো সিরিজের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই সকাল ১১টায় শুরু হবে। প্রথম দুটি ম্যাচ মিরপুরে এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

প্রথম ও তৃতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের নিতিন মেনন। দ্বিতীয় ম্যাচে তার সঙ্গী হবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।

স্থানীয় আম্পায়ারদের মধ্যে তানভীর আহমেদ (প্রথম ওয়ানডে), গাজী সোহেল (দ্বিতীয় ওয়ানডে) এবং মাসুদুর রহমান মুকুল (তৃতীয় ওয়ানডে) অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। ওয়ানডে সিরিজে টিভি আম্পায়ারের দায়িত্বও ভাগাভাগি করে পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও নিতিন মেনন।

ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মোর্শেদ আলী খান।

দ্বিতীয় ম্যাচে থাকবেন বাংলাদেশের বাকি দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। টি-টোয়েন্টি সিরিজেও আইসিসি ও বিসিবির প্যানেলভুক্ত আম্পায়াররা পর্যায়ক্রমে অন-ফিল্ড ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।