ঘরের মাঠে রেকর্ড, সবমিলিয়ে রান তাড়ায় কত নম্বরে এই জয়?
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ২ ওভার হাতে রেখেই তাড়া করেছে লিটন কুমার দাসের দল। ঘরের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই টাইগারদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এতদিন ঘরের মাটিতে এটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সেই রেকর্ড নতুন করে লিখলেন হৃদয়-শামীমরা।
সবমিলিয়ে হিসেব করলে এটি রান তাড়ায় বাংলাদেশের তৃতীয় সেরা জয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় পায় টাইগাররা। এছাড়া জিম্বাবুয়ের মাটিতে ২০২১ সালে ১৯৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।
এদিন মূলত মিডল ওভারে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারীর আগ্রাসী ব্যাটিংয়ে ২ ওভার হাতে রেখে জিতেছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ১০ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১০৬ রান। বাংলাদেশ সেটা করেছে ২ ওভার হাতে রেখেই। তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন আজ রান তাড়ায় নামার পর ইনিংসের মধ্যবর্তী ওভারগুলোতে (৭–১৬) ওভার প্রতি ১০.৯ রান তুলে মোট ১০৯ রান করেছেন, যা টি-টোয়েন্টিতে রান তাড়ায় বাংলাদেশের সর্বোচ্চ।
১৮৩ রান তাড়ায় পাওয়ার প্লেতে রান আসে ৪৪। সাইফ বিদায় নেন ১৬ বলে ১৭ রান। লিটন তিনে নেমে ইশ সোধির বলে একটি ছক্কা ও তিনটি চার মেরে রানের গতি বাড়ালেও আউট হয়ে যান ১৫ বলে ২১ রান করে। আরেক ওপেনার তানজিদ তামিম ২০ রান করতে খরচ করেন ২৫ বল। ম্যাচের লাগাম তখন নিউজিল্যান্ডের হাতে, যেটা পরে ছো মেরে নিয়ে যান ইমন-হৃদয়-শামীম।
তানজিদের বিদায়ের ওভারেই সোধিকে চার ও ছক্কা মারেন হৃদয়। ছক্কায় ওভার শেষ করেন পারভেজ। জুটির ফিফটি আসে ২৫ বলেই। ২৮ বলে ৫৭ রানের এই জুটি ভাঙলেও পরের জুটিতে তাণ্ডব চলে আরও বেশিও। শামীম নেমে ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩১ শামীম। আর ২ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫১ রানের ইনিংসে ম্যাচের সেরা হৃদয়। মাত্র দুটি ডট বল খেলেছেন তিনি। এভাবেই ১০ ওভারের রান ৮ ওভারে তুলে ফেলে বাংলাদেশ, আর পায় রেকর্ড গড়া জয়।
এসকেডি/এমএমআর