৬ মাঠে একযোগে খেলা
ঢাকার ক্লাব ক্রিকেট মাঠে গড়াচ্ছে সোমবার
বাংলাদেশে বৃষ্টির মৌসুম আসেনি এখনো। সেটা সামনে। জুন-জুলাই, আগস্ট ভরা বৃষ্টির মৌসুম; কিন্তু এবার বৈশাখের শুরুতেই ঝড়-বৃষ্টির সাথে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। প্রতিদিনই কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে।
এই বৃষ্টির রক্তচক্ষুর মুখেই শুরু হতে যাচ্ছে ঢাকা তথা দেশের ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগামীকাল ৪মে (সোমবার) থেকে মাঠে গড়াচ্ছে এবারের প্রিমিয়ার লিগ।
এবারের প্রিমিয়ার লিগে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। এতকাল প্রিমিয়ার লিগের প্রতি রাউন্ডে খেলা হতো ২ দিনে। মানে ১২ দলের ৬ দল খেলত প্রথম দিন। পরের দিন খেলত বাকি ৬ দল; কিন্তু এবার একদিনেই ১২ দল খেলবে। মানে এবার আর প্রথম দিন ৬ দল খেলবে না। প্রতি রাউন্ড হবে একদিনে। মানে প্রতিদিন ১২ প্রতিযোগী দল মাঠে নামবে ৬টি পৃথক মাঠে। প্রতিদিন ৬ মাঠে হবে খেলা।
আগামীকাল সোমবার ৬ মাঠে খেলা অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। খেলাটি হবে বসুন্ধরার বাংলাদেশ স্পোর্টস কমপ্লেক্স মাঠে।
গতবারের রানারআপ মোহামেডানের প্রথম ম্যাচের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের আরেক নতুন দল মিরপুর সিটি ক্লাব। এ ম্যাচটি হবে বিকেএসপির তিন নম্বর মাঠে। ইউল্যাব মাঠে মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স আর ব্রাদার্স ইউনিয়ন।
৩০০ ফুট পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে মোকাবিলা করবে লিজেন্ডস অব রূপগঞ্জ আর রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অগ্রণী ব্যাংকের সাথে লড়াই হবে গুলশান ক্রিকেট ক্লাবের। অন্যদিকে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের সাথে মুখোমুখি হবে ঢাকা লিজেন্ডস। ভেন্যু বিকেএসপির ৪ নম্বর মাঠ।
আগের মতোই বিসিবির সাথে চুক্তিভুক্ত কোচদের কেউই বিপিএল আর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ- দুই আসরের কোচিং করাতে পারবেন না। এই নিয়মে পড়ে জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের কোচিংয়ের দায়িত্বে থাকা হান্নান সরকার এবারও চ্যাম্পিয়ন আবাহনীর অফিসিয়াল কোচের দায়িত্বে থাকতে পারছেন না। হান্নান সরকারের পরিবর্তে আবাহনীর অফিসিয়াল কোচ হলেন জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার আনোয়ার হোসেন মুনির। এছাড়া আবাহনীর সহকারী কোচ হলেন সেন্টু।
আকাশী-হলুদ জার্সিধারীদের এবারও ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে মোহামেডানের কোচ এবারও মিজানুর রহমান বাবুল। আর অধিনায়ক এবারও তাওহিদ হৃদয়।
অন্যদিকে প্রাইম ব্যাংকের কোচের দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের। দলটির অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে। এছাড়া অগ্রণী ব্যাংকের কোচ রাজিন সালেহ। অধিনায়ক ইসরুল কায়েস। নবাগত ঢাকা লেপার্ডসের কোচ মোহাম্মদ সেলিম। অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং শেখ জামালের হেড কোচ তুষার ইমরান। আর অধিনায়ক নুরুল হাসান।
এআরবি/আইএইচএস