অ্যানফিল্ডেই বিদায়ী ম্যাচ খেলতে পারেন সালাহ
মোহাম্মদ সালাহকে নিয়ে স্বস্তির খবর পেল লিভারপুল সমর্থকরা। চোটে পড়লেও মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরতে যাচ্ছেন এই মিশরীয় তারকা। ক্লাব কর্তৃপক্ষ বুধবার নিশ্চিত করেছে, সালাহর চোট গুরুতর নয় এবং শেষ ম্যাচের আগেই তাকে পাওয়া যেতে পারে।
৩৩ বছর বয়সী এই উইঙ্গার শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন। ম্যাচ চলাকালে তাকে হ্যামস্ট্রিংয়ে সমস্যায় ভুগতে দেখা যায়। তবে তিনি নিজে হেঁটেই মাঠ ছাড়েন এবং গ্যালারিতে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।
বুধবার এক বিবৃতিতে লিভারপুল জানায়, সালাহর সমস্যা ‘মাইনর মাসল ইনজুরি’ এবং তিনি ২৬ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের আগেই খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
চোট পাওয়ার পর লিভারপুল অধিনায়ক ভিরগিল ফন ডাইক বলেছিলেন, সালাহ যদি ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেও ফেলেন, তবুও তাকে যথাযথ বিদায় জানানো হবে। তবে এখন ইনজুরি গুরুতর না হওয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে, অ্যানফিল্ডে শেষ ম্যাচে মাঠে নেমেই সমর্থকদের ভালোবাসা গ্রহণ করতে পারবেন সালাহ।
গত মাসেই সালাহ নিশ্চিত করেছিলেন, চলতি মৌসুমই হবে অ্যানফিল্ডে তার শেষ মৌসুম। এর মাধ্যমে দীর্ঘদিনের ভবিষ্যৎ-জল্পনারও অবসান ঘটে।
তখন ক্লাব এক বিবৃতিতে বলেছিল, ‘সালাহ ও লিভারপুলের মধ্যে এমন একটি সমঝোতা হয়েছে, যার মাধ্যমে অ্যানফিল্ডে তার অসাধারণ নয় বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটবে।’
ক্লাব আরও জানায়, সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থেকেই সালাহ আগেভাগেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ঘোষণা দিতে চেয়েছিলেন।
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর সালাহ ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার গোল, অ্যাসিস্ট ও ধারাবাহিক পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক বড় শিরোপা জিতেছে অলরেডরা।
এদিকে সালাহর দ্রুত সেরে ওঠার খবর স্বস্তি দিয়েছে মিশর জাতীয় দলকেও। কারণ আগামী ১৫ জুন ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে মিশর।
আইএইচএস/