পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সেরাদের খেলাবে না অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৭ মে ২০২৬

সামনে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আছে অস্ট্রেলিয়া। এই সিরিজে না খেলার সম্ভাবনা তাদের তারকা পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের। কেননা সিরিজের সূচি ও আইপিএল প্লে-অফ একই সময়ে পড়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ মে রাওয়ালপিন্ডিতে। এরপর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৪ জুন লাহোরে।

এরপর অস্ট্রেলিয়া সরাসরি বাংলাদেশ সফরে আসবে। ৯ জুন থেকে শুরু হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

আইপিএলের লিগ পর্ব শেষ হবে ২৪ মে এবং প্লে-অফ চলবে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত। অস্ট্রেলিয়া দল ২৩ মে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও যেসব ক্রিকেটার আইপিএল প্লে-অফে ব্যস্ত থাকবেন, তাদের সফরে অংশ নেওয়া অনিশ্চিত।

বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ফলে কামিন্স, ট্রাভিস হেড, কপার কুনোলি এবং জাভিয়ের বারলেটের পাকিস্তান সফরে না থাকার সম্ভাবনাই বেশি। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বর্তমানে তৃতীয় স্থানে থাকায় হ্যাজেলউডেরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অনিশ্চিত।

শুধু আইপিএল নয়, সামনে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচিও বিবেচনায় রাখা হচ্ছে। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে শুরু হবে টানা ১২ মাসে ২০ থেকে ২১টি টেস্ট ম্যাচের দীর্ঘ সূচি। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া কামিন্স, হ্যাজেলউড ও স্টার্ককে বিশ্রাম দিতে পারে।

এই পরিস্থিতিতে পাকিস্তান ও বাংলাদেশ সফরে তুলনামূলক তরুণ দল নিয়ে নামতে পারে অস্ট্রেলিয়া। তরুণ ক্রিকেটার তানভির সাঙ্গা, ওলি পিকে, জোয়েল ডেভিস এবং নিখিল চৌধুরী ইতোমধ্যেই ব্রিসবেনে কোচিং স্টাফের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।