শুক্রবারের মধ্যে চূড়ান্ত হবে বাংলাদেশ দলের নতুন কোচ
হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ের পর জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় আরেক ধাপ অগ্রগতি হয়েছে। সোমবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় আবেদন করা কোচের তালিকা ২৬ জন থেকে ১০ জনে নামিয়ে আনা হয়েছে। এই ১০ জনের সাথে কথা বলে আগামী শুক্রবারের মধ্যে কোচ চূড়ান্ত করা হবে।
রাজধানীর ফর্টিস রিসোর্টসে হওয়া সভার পর গণমাধ্যমে ব্রিফ করেছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। বাফুফের এই সদস্য বলেছেন, অনেক আবেদন জমা পড়েছিল জাতীয় দলের কোচ হওয়ার জন্য। সেই আবেদনগুলো যাচাই-বাছাই করার জন্য একটা কমিটি করে দিয়েছিল বাফুফে। সেই কমিটি যে সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল সেই নামগুলো নিয়ে সভায় আলোচনা হয়। তারপর আমরা ১০ জনকে বাছাই করেছিল ইন্টারভিউয়ের জন্য।
আমিরুল ইসলাম বাবু বলেছেন, বাছাই করা ১০ জনের সাথে আমরা পর্যায়ক্রমে আগামী তিন দিন কথা বলবো। তারপর একজনকে চূড়ান্ত করা হবে। আগামী শুক্রবার আপনারা নতুন কোচের নাম পেয়ে যাবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আগে কখনো এত আবেদন পড়েনি। হামজা-শামিতরা দলে যোগ হওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খোঁজ রাখছেন বিশ্বের অনেক দেশের কোচরা। বিশেষ করে ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণ জেতানো কোচ বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আবেদন করায় চারিদিকে আলোচনা আরো ছড়িয়েছে।
আরআই/এমএমআর