পাকিস্তানকে চাপে ফেলার জন্য শান্তকেই কৃতিত্ব দিতে চান মুমিনুল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৮ মে ২০২৬

নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন আর মুমিনুল হক শতরানের খুব কাছে গিয়ে ফিরে এসেছেন। আজ শুক্রবার শেরে বাংলায় টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৩০১ রান। খুব স্বাভাবিকভাবে পিচকে ভালোই মনে করছেন সবাই।

পাকিস্তানের ফাস্টবোলার মোহাম্মদ আব্বাস এই পিচকে বলেছেন, ভাল ক্রিকেট পিচ। আসলে উইকেট কেমন ছিল? এ উইকেটে বাংলাদেশের ব্যাটিংটা কেমন ছিল? প্রথম দিনের খেলা শেষে এ প্রশ্নের মুখোমুখি হলেন মুমিনুল হক।

মুমিনুলের অনুভব, প্রথম দিকে উইকেটে বল মুভ করেছে এবং পাকিস্তানিরা দুই দিকে বল সুইং করিয়েছেন। বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ভালো বলেই আউট হয়েছেন।

মুমিনুলের ব্যাখ্যা, এই উইকেটে শান্ত কাউন্টার অ্যাটাক করায় পাকিস্তানিরা চেপে বসতে পারেনি। তাই তার চোখে সব কৃতিত্ব শান্তর।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘ওভারঅল চিন্তা করলে আমার কাছে মনে হয় প্রথম দিকে এই উইকেটে নতুন বলে চ্যালেঞ্জ অনেক বেশি। আপনারা নিজেরাই দেখেছেন দুই দিক দিয়ে বল মুভ করছিল, সিম করছিল। আমাদের দুই ওপেনার দুর্ভাগ্যবশত ভালো বলে আউট হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে ওরা যতবার খেলেছে, ওটাতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি।’

বাঁহাতি এই ব্যাটার যোগ করেন, ‘শান্ত যেভাবে এসে কাউন্টার অ্যাটাক করেছে, তাতে ওরা অনেকটা পিছিয়ে পড়েছে। এরকম একটা উইকেটে যখন একজন ব্যাটার এসে কাউন্টার অ্যাটাক করে, তখন আসলে বোলারদের করার কিছু থাকে না। তো পুরো ক্রেডিটটা শান্তকে দিতে হবে আমার মনে হয়। আর শেষ দিকে মুশফিক ভাই খুব ভালো ফিনিশ করেছেন।’

এআরবি/এমএমআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।