মিরপুরে থেমেছে বৃষ্টি, চলছে মাঠ প্রস্তুতের কাজ
লাঞ্চের পর বৃষ্টির কারণে এখনও মাঠে ফেরেনি বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। এরমধ্যেই শুরু হয়ে গেছে চা বিরতিও। দ্বিতীয় সেশনের একটি বলও মাঠেব গড়ায়নি।
তবে সুখবর হলো বৃষ্টি থেমেছে মিরপুরে। ইতোমধ্যেই মাঠকর্মীরা মাঠ প্রস্তুতে লেগে পড়েছেন। শীঘ্রই মাঠে খেলা ফিরবে বলে ধারণা করা হচ্ছে।
সাড়ে ৩টা নাগাদ অফিসিয়াল মাঠ পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা। ধারণা করা হচ্ছে পৌনে চারটা থেকে চারটার মধ্যে খেলা আবারও শুরু হবে।
প্রথম সেশনে খেলা হয়েছে ২৮.১ ওভার। বাংলাদেশের বোর্ডে নতুন করে যোগ হয়েছে ৮৬ রান, হারিয়েছে দুই উইকেট। বোর্ডে মোট রান ৯৩। পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে স্বাগতিকরা ১২০ রানে।
এর আগে, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের হাল ধরার দায়িত্ব নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুই ওপেনারের ব্যর্থতার পর লাঞ্চের আগে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই দু ব্যাটার।
সোমবার (১১ মে) মিরপুর শেরেবাংলায় চতুর্থ দিনের শুরুটা মোটেই ভাল হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর ২৩ রানে ফেরেন সাদমান ইসলামও। দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা।
মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জয়। ১৫ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা তার বিদায়ে। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে করলেন ৫ রান।
অন্যদিকে সাদমান ইসলাম আউট হন হাসান আলীর এক্সট্রা বাউন্সে। ব্যাটের এইজ ছুঁয়ে বলে চলে যায় গালিতে থাকা সৌদ শাকিলের হাতে। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে করেছিলেন ১৩ রান। দ্বিতীয় ইনিংসে এরচেয়ে ৩ রান কম।
এআরবি/আইএন