তামিমের নতুন চমক!

অস্ট্রেলিয়া সিরিজে সেরা দেশি ক্রিকেটার পাবেন চেরি ব্র্যান্ডের গাড়ি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ১২ মে ২০২৬

তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর একের পর এক চমক দেখাচ্ছেন। তার হাত ধরে প্রায় ২০ বছর পর কোনো সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন দামি ব্র্যান্ডের গাড়ি।

চেরি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে দামি গাড়ি দেবে বাংলাদেশের সেরা ক্রিকেটারকে। চেরি ব্র্যান্ডের যে গাড়ির মূল্য আনুমানিক ৩০-৩৫ লাখ টাকা!

প্রায় ২০ বছর পর বাংলাদেশের সেরা ক্রিকেটার কোনো সিরিজে পাবেন দামি ব্র্যান্ডের গাড়ি। আজ মঙ্গলবার দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এ ঘোষণা দিয়েছেন।

এই সম্পর্কে তামিম বলেন, ‘আমরা ছোট সাইনিং সেরিমনি করছি চেরির সাথে। সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দিবে চেরি।’

তামিম যোগ করেন, ‘আমার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া। বিশেষ করে গত এক দেড় বছর মানে গত দুই বছরে যে রেপুটেশন ড্যামেজগুলো হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডরা আসা শুরু হয়েছে। আপনি লাস্ট সিরিজও দেখেছেন যে, এখানে ই বাইক কিছু কোম্পানি। ই বাইকের কিছু কোম্পানিগুলো আসছে। এটা বিসিবির জন্য খুব ইতিবাচক দিক।’

বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তখন এমন পুরস্কার দেওয়া হয়েছিল। প্রায় ২০-২১ বছর পর আবারও তামিমের হাত ধরে ফিরছে গাড়ি পুরস্কার।

তামিম বলেন, ‘বিসিবিতে লাস্ট মনে হয় এরকম কোনো গাড়ি দেওয়া হয়েছিল আমরা যখন খুব সম্ভব ফার্স্ট টেস্ট যখন জিতি। ওই সিরিজটায় আমার ভাই (নাফিস ইকবাল) পেয়েছিল নিশানের একটা গাড়ি। সো প্রায় অলমোস্ট কত বছর? ২০ বছর? যাই হোক। এটার পর আবার চেরি উদ্যোগটা নিচ্ছে।’

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।