চ্যাম্পিয়ন হয়েই হারের স্বাদ পেলো বার্সেলোনা
এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। কিন্তু শিরোপা জেতার পরের ম্যাচেই হেরেছে কাতালান ক্লাবটি। প্রতিপক্ষ আলাভেসের কাছে হেরেছে ১-০ ব্যবধানে।
লিগ শিরোপা জেতায় আলাভেসের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেয়েছিল বার্সা। কিন্তু মাঠে একেবারে ছন্দহীন ফুটবল খেলেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
বুধবার (১৩ মে) রাতে আলাভেসের মাঠে হওয়া ম্যাচটিতে বার্সার আক্রমণভাগ ছিল পুরোপুরি নিষ্প্রভ। রবার্ট লেওয়ানডস্কি, দানি ওলমোরা কেউই গোল এনে দিতে পারেননি দলকে। ম্যাচের পুরো সময় একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি বার্সেলোনা।
ইব্রাহিম দিয়াবাতে ম্যাচের একমাত্র গোলটি করেন প্রথমার্ধের যোগ করা সময়ে। ওই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে দলটি।
বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি বার্সা। দুই অর্ধ মিলিয়ে ৮টি শট নিলেও লক্ষ্যে ছিল না কোনোটিই। অন্যদিকে আলাভেসের ৯টি শটের তিনটিই ছিল লক্ষ্যে।
স্প্যানিশ লা লিগায় টানা ১১ জয়ে দাপুট দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর হারলো বার্সেলোনা। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম হার। জয়ের দেখা না পাওয়ায় ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সুযোগটা হাতছাড়া করলো বার্সেলোনা। ৩৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৯১। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
আইএন