নারী এশিয়ান কাপ

বাংলাদেশের সামনে উজবেকিস্তান ও কঠিন সমীকরণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৮ মার্চ ২০২৬

সিডনিতে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ নারী ফুটবল দল এখন অস্ট্রেলিয়ার আরেক শহর পার্থে। সেখানেই বাংলাদেশ খেলবে এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। প্রতিপক্ষ উজবেকিস্তান। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও উজবেকিস্তান। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে চীনের বিপক্ষে ২-০ ও উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছে।

১২ দলের এই লড়াই কেবল এশিয়ার সেরা হওয়ারই নয়, এখান থেকে বিশ্বকাপ ও অলিম্পিক বাছাইয়ে খেলার সুযোগও আছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সাথে তৃতীয় হওয়া সেরা দুই দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে উঠলেই অলিম্পিকের বাছাই খেলা নিশ্চিত হবে। সেমিফাইনালে ওঠা ৪ দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। পরাজিত চার দল পাবে প্লে-অফ খেলার সুযোগ।

কাগজ-কলমে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী উজবেকিস্তান। ফিফা র‍্যাংকিংয়ে উজবেকিস্তান ৪৯, বাংলাদেশের ১১২। আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পরের বছর ২০১১ সালে ঢাকায় অলিম্পিক বাছাইয়ে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। পরাজয় ছিল ৩-০ ব্যবধানে। ১৫ বছর পর আরো বড় মঞ্চে দেখা হচ্ছে উজবেকিস্তানের সাথে। দুই দলই প্রথম দুই ম্যাচ হেরেছে।

বাংলাদেশ ও উজবেকিস্তানের লড়াইয়ে জয়ী দলের সুযোগ থাকবে নকআউট পর্বে ওঠার। তবে সেই সমীকরণ খুব কঠিন। বড় ব্যবধানের জয় ছাড়া আশা বাঁচিয়ে রাখতে পারবেন না কোনো দল। কী সেই সমীরণ?

রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে ইরানের বিপক্ষে ফিলিপাইনের জয় বাংলাদেশের জন্য নিয়ে এসেছে কিছুটা দুঃসংবাদ। তিন ম্যাচের একটি জিতে ফিলিপাইনও অপেক্ষা করছে বাকি দুই গ্রুপের খেলা শেষ হওয়া পর্যন্ত।

‘এ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ফিলিপাইন। গোলগড় -২। ফিলিপাইনের ওপরে থাকলে হলে বাংলাদেশকে জিততে হবে কমপক্ষে ৬-০ গোলে। তাহলে বাংলাদেশের গোলগড় -৭ থেকে -১ এ আসবে। তাহলেই বাংলাদেশ তৃতীয় হওয়া তিন দলের সেরা দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত হবে।

বাংলাদেশ যদি কম ব্যবধানে জেতে তাহলে শেষ দিনের ‘সি’ গ্রুপের দুই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ওই গ্রুপ থেকে জাপান কোয়ার্টার ফাইনাল নিশ্চত করেছে। চাইনিজ তাইপে ও ভিয়েতনাম ৩ পয়েন্ট করে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। জাপান শেষ ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে এবং ভারত খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।