উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
রিয়ালের মুখোমুখি ম্যানসিটি, ভয় না পাওয়ার পরামর্শ গার্দিওলার
মাদ্রিদে আবারও বড় লড়াইয়ের আগে নিজের খেলোয়াড়দের ভয় না পেয়ে সাহসের সঙ্গে খেলতে বলেছেন পেপ গার্দিওলা। তিনি চান তার দল ম্যানচেস্টার সিটি যেন শক্তিশালী প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে।
গত দুই মৌসুমসহ মোট চারবার এই প্রতিযোগিতা থেকে সিটিকে বিদায় করেছে রিয়াল মাদ্রিদ। তবে এবার গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের চোটের কারণে স্প্যানিশ দলটি কিছুটা দুর্বল বলে মনে করছেন গার্দিওলা। বিশেষ করে কিলিয়ান এমবাপে, জুদ বেলিংহ্যাম এবং রদ্রিগো ইনজুরিতে ভুগছেন।
এই পরিস্থিতিতে বুধবার (আজ) রাত বাংলাদেশ সময় ২টায় বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে নিজের দলকে সাহসী ফুটবল খেলতে বলেছেন ম্যানসিটি কোচ।
গার্দিওলা বলেন, ‘প্রতিপক্ষের মুখোমুখি হও, ফলাফল নিয়ে বেশি ভাবো না। যদি আমরা হেরে যাই, তাহলে রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাব; কিন্তু অন্তত আমরা যেন আমাদের নিজের মতো খেলি।’
তিনি আরও বলেন, ‘বড় ম্যাচে তার সবচেয়ে বড় চিন্তা থাকে দল যেন নিজেদের খেলাটা খেলতে পারে। অনেক সময় প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় সেটা সম্ভব হয় না, তবে চেষ্টা করাটা জরুরি।’
গার্দিওলার ভাষায়, ‘এ ধরনের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় কখন কী হবে কেউ জানে না। কিন্তু তুমি যদি নিজের মতো না খেলো, তাহলে ভালো কিছু হওয়ার সুযোগও থাকে না। প্রতিপক্ষকে সম্মান দেখিয়ে তাদের চোখে চোখ রেখে খেলতে হবে।’
২০১২ সালের পর থেকে দুই দলের মধ্যে এটি হবে ১৬তম মুখোমুখি লড়াই। আগামী সপ্তাহে ইংল্যান্ডে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।
গত ডিসেম্বরে প্রতিযোগিতার লিগ পর্বে বার্নাব্যুতেই ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে গত মৌসুমে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।
গত মৌসুমে এই ম্যাচে খেলতে পারেননি আরলিং হালান্ড। তবে এবার প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবে সিটি।
গার্দিওলা বলেন, ‘এই মৌসুমে আমাদের দলে খেলোয়াড় আছে। গত মৌসুমে আমরা অনেক ক্লান্ত ছিলাম এবং খেলোয়াড়ের সংখ্যাও কম ছিল। এবার ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে ম্যানচেস্টারে দ্বিতীয় লেগের আগে আমরা ভালো অবস্থানে থাকতে পারি।’
আইএইচএস/