নির্বাচক হওয়ার দৌড়ে ১৬ জন, বৃহস্পতিবার বিসিবিতে ইন্টারভিউ
জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ ড়ত ২৮ ফেব্রুয়ারি। তবে আপতকালীন সময় হিসেবে তাকে আরও একমাস বাড়তি দায়িত্ব পালন করার অনুরোধ করে বিসিবি।
ফলে কার্যত আর ২০ দিন দায়িত্বে থাকবেন লিপু। এর মধ্যে নির্বাচক প্যানেল প্রস্তুত করতে হবে বিসিবিকে। নির্বাচক নেওয়ার জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়, তাতে সাড়া দিয়ে ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেছেন।
গত ৮ মার্চ ছিল আবেদনের শেষ সময়। বিসিবি সূত্রে জানা গেছে, আবেদনকারী ১৬ জনের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাইয়ে নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা যোগ্যতা না মেলায় কয়েকজনের নাম বাদ পড়তে পারে। তবে যারা সংক্ষিপ্ত তালিকায় টিকে থাকবেন, তাদের চূড়ান্ত সাক্ষাৎকার বা ইন্টারভিউ নেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার।
এবারের নির্বাচক প্যানেল বাছাইয়ের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকছেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ, গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট অপরাশেসন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং এইচপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এছাড়া বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনলাইনের মাধ্যমে এই ইন্টারভিউ বোর্ডে যোগ দেবেন।
নির্বাচক হওয়ার দৌড়ে বেশ কয়েকজন জনপ্রিয় ও অভিজ্ঞ সাবেক ক্রিকেটারের নাম রয়েছে। উল্লেখযোগ্য আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিম, মেহেরাব হোসেন অপি এবং নাঈম ইসলাম। এছাড়া তালিকায় আরও আছেন নাদিফ চৌধুরী, মুশফিক বাবু, আনোয়ার হোসেন, রাশেদুল হাসান, ধীমান ঘোষ এবং জিয়াউর রহমানের মতো সাবেক ক্রিকেটাররা।
এসকেডি/আইএইচএস