কোচ হয়ে জাতীয় দলে ফিরলেন আশরাফুল রানা
গত মৌসুমে খেলোয়াড়ী জীবন থেকে অবসর নিয়ে জাতীয় দলের হয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন আশরাফুল ইসলাম রানা। দেশের অন্যতম সেরা এইা গোলরক্ষক ক্লাব ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর নিলেও জাতীয় দলের জার্সি তুলে রাখতে কোনো আনুষ্ঠানিকতা করতে পারেননি। এবার জাতীয় দলে ফিরলেন আশরাফুল রানা। তবে খেলোয়াড় হিসেবে নন, গোলরক্ষক কোচ হিসেবে।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচের জন্য হ্যাভিয়ের ক্যাবরেরা ক্যাম্প শুরু করেছেন রোববার থেকে। সন্ধ্যায় ২৭ জন রিপোর্ট করেছেন ম্যানেজার আমের খানের কাছে। ঢাকার ক্যাম্পে ডাক পাওয়া ২৮ জনের মধ্যে শামিত সোম গভীর রাতে এসে পৌঁছাবেন।
দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী যোগ দেবেন ভিয়েতনামের ক্যাম্পে। ঢাকা থেকে জাতীয় দল ভিয়েতনামে পৌঁছাবে ২১ মার্চ। সেখানে ২৬ মার্চ ম্যাচ খেলে পরের দিন চলে যাবে সিঙ্গাপুর।
আশরাফুল ইসলাম রানা ঢাকার শীর্ষে নাম লিখিয়েছিলেন ২০১৪ সালে মোহামেডানের জার্সিতে। পেশাদার ফুটবল খেলার জন্য তিনি ছেড়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি। আবাহনী ও বসুন্ধরা কিংস বাদে দেশের প্রায় সব বড় দলেই খেলেছেন রানা।
রানা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে মালদ্বীপে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে। ৭৯ মিনিটে আনিসুর রহমান জিকো লালকার্ড পাওয়ার পর কোচ রানাকে মাঠে নামিয়েছিলেন বিপলু আহমেদকে বসিয়ে। তারপর থেকে আর জাতীয় দলের সাথে তার সম্পৃক্ততা ছিল না। অবশেষ নতুন দায়িত্ব নিয়ে তিনি ফিরলেন লাল-সবুজের ডেরায়।
আরআই/আইএন